স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে চূড়ান্ত সতর্কতা, ১৯ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির ছবি প্রকাশ 

Photo: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে চূড়ান্ত সতর্কতা (AI)

স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পাওয়ার পরই ১৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। এরই মধ্যে সাধারণ মানুষকে সতর্ক করতে ইন্ডিয়ান মুজাহিদিন বা আইএম, আল-কায়দা এবং বিভিন্ন খলিস্তানপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ১৯ জন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাঁদের সম্পর্কে কোনও তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ১৯ জনকে তিনটি মডিউলে ভাগ করা হয়েছে। ইন্ডিয়ান মুজাহিদিন, আল-কায়দা এবং খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন। তাঁদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তাঁদের ছবি-সহ পোস্টার লাগানো হয়েছে। শুধু নজরদারি বাড়ানো নয়, সাধারণ মানুষের সাহায্যে ওই ‘ওয়ান্টেড’ জঙ্গিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজেও উদ্যোগী হয়েছে পুলিশ।

ইন্ডিয়ান মুজাহিদিনের তালিকায় রয়েছেন কর্নাটকের ভটকলের ইখবাল ভটকল ও রিয়াজ ভটকল, বেঙ্গালুরুর জুনেইদ আহমদ, উত্তরপ্রদেশের আজমগড়ের মহম্মদ খালিদ এবং মহারাষ্ট্রের পুণের মহসিন চৌধরী। তাঁরা দেশের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি হিসেবে নিরাপত্তা সংস্থার তালিকায় রয়েছেন।


আল-কায়দা মডিউলে রয়েছে ৬ জন। তাঁরা হলেন সম্ভলের মহম্মদ শরজিল আখতার, দিল্লির সীলমপুরের মহম্মদ রেহান, ঝাড়খণ্ডের আবু সুফিয়ান, জামশেদপুরের সৈয়দ মহম্মদ আর্শিয়ান, বেঙ্গালুরুর মহম্মদ শাহিদ ফৈজল এবং হায়দরাবাদের মহম্মদ উমর।

এ ছাড়াও খলিস্তানপন্থী সংগঠনগুলির সঙ্গে যুক্ত ৮ জনের ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে বব্বর খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআইয়ের ওয়াধাওয়া সিংহ বব্বর, পুরষোত্তম সিংহ পম্মা, হরবিন্দর সিংহ রিন্দা এবং গুরমীত সিংহ বগ্গা রয়েছেন। খলিস্তান জিন্দাবাদ ফোর্সের রণজিৎ সিং এবং পরমজিত সিং পম্মা, খলিস্তান টাইগার ফোর্সের অর্শদীপ সিং ডালার নামও তালিকায় রয়েছে। ভূপেন্দ্র সিং ভিন্ডার ছবিও প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হবে লালকেল্লায়। সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। ফলে লালকেল্লা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে বাড়ানো হয়েছে তল্লাশি এবং নজরদারি। অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে এখন থেকেই ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।

লালকেল্লা ছাড়াও রেলস্টেশন, বাস টার্মিনাল, মেট্রো স্টেশন, বাজার, ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লি মেট্রোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পার্শ্ববর্তী রাজ্যগুলির পুলিশের সঙ্গেও সমন্বয় বাড়ানো হয়েছে। দেশের পশ্চিম সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।

তবে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দিল্লি পুলিশ।কোনও সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি চোখে পড়লে দ্রুত পুলিশকে খবর দিতে বলা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকায় কোনও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা গেলে সেটি স্পর্শ না করে নিরাপত্তা সংস্থাকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে পোস্টারে থাকা ‘ওয়ান্টেড’ জঙ্গিদের সম্পর্কে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে।