ফের হাইজ্যাকের আশঙ্কা, জয়পুরে জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্ট-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের মাঝ আকাশে থাকা বিমানে হাইজ্যাক-এর আতঙ্ক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঘটনাটি ঘটে। হাইজ্যাকের আশঙ্কায় বুধবার জয়পুর বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। ওই ফ্লাইট থেকে এটিসি (ATC) স্কোয়াক-৭৫০০ সঙ্কেত পায়। এরপরেই AI-2030 বিমানটি অবতরণ করে। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে তৎপরতা শুরু হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা নাগাদ কয়েক সেকেন্ডের জন্য বিমানটি থেকে একটি জরুরি সঙ্কেত পায় আমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)। জানা গিয়েছে, বিমানের পাইলট স্কোয়াক ৭৫০০ (Squawk 7500) কোড সক্রিয় করেছিলেন। আন্তর্জাতিক বিমান চলাচলে এই কোডটি বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের আশঙ্কা সম্পর্কে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করার জন্য ব্যবহার করা হয়।

এই সঙ্কেত পাওয়ার পরেই সতর্ক হয়ে ওঠে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সকাল ৯টা ১০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরের ওয়ার রুমে বিমানটির গতিপথ পরিবর্তন করে জয়পুরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কোনওরকম ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।


সকাল ৯টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ সেটিকে বিমানবন্দরের নির্দিষ্ট আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপত্তা বিধি মেনে শুরু হয় তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা। প্রাথমিক পরীক্ষায় বিমানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

তবে ঠিক কী কারণে পাইলট স্কোয়াক ৭৫০০ কোড সক্রিয় করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থা ও কর্তৃপক্ষ। জরুরি সঙ্কেতটি ভুলবশত সক্রিয় হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল, তা তদন্তের পরেই সামনে আসবে। তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।