কেন্দ্রীয় বাজেটের পরও রেপো রেট অপরিবর্তিত, সুরাহা মেলেনি মানুষের

কেন্দ্রীয় বাজেটের পর সাধারণ মানুষের সেভাবে সুরাহা হয়নি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শুক্রবার সকালে আরবিআই জানিয়েছে, রেপো রেট অপরিবর্তিত থাকবে। ডিসেম্বর মাসে ৫.২৫ শতাংশে নামানো রেপো রেটই এখন বহাল থাকছে। ফলে গাড়ি-বাড়ি, লোন বা অন্যান্য ইএমআই-তে কোনও তাত্ত্বিক স্বস্তি মিলছে না।

দু’মাস অন্তর বৈঠক করে আরবিআই-এর মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত তিন দিন ধরে চলা বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত বছরে রেপো রেট কমানো হয়েছে। সাম্প্রতিক বাজেট এবং ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কারণে অর্থনীতির উন্নতি হবে বলে আশা থাকলেও, আরবিআই যাচাই করতে চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়েছে সেটা দেখার।

গত বছর জুনে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫ শতাংশে আনা হয়েছিল। তার আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও ধারাবাহিকভাবে রেট কমানো হয়েছিল। ২০২২ সালের মে থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বেড়েছে। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল।


বিশ্লেষকদের মতে, বাজারে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রভাব খতিয়ে দেখার জন্যই আরবিআই আপাতত রেপো রেট অপরিবর্তিত রেখেছে। ফলে সাধারণ মানুষের ওপর তাৎক্ষণিক কোনও স্বস্তি আসছে না। তবে সাম্প্রতিক বাজেট এবং ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আশায় সংশ্লিষ্ট মহল।