নীতীশ যুগের অবসান, দীর্ঘ দুই দশক পর বিহারে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন

দীর্ঘ প্রায় দুই দশকের এক রাজনৈতিক অধ্যায়ের ইতি টানলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন তিনি। এর মধ্য দিয়ে বিহারের রাজনীতিতে ‘নীতীশ যুগ’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

২০০৫ সালের ২৪ নভেম্বর তাঁর নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর থেকে বিহারের প্রশাসনে নানা পরিবর্তন আনার দাবি করেছিলেন নীতীশ কুমার। আইনশৃঙ্খলা মজবুত করা থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার কথাও তিনি বারবার তুলে ধরেছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের দাবিও করেছেন তিনি। এছাড়াও মহিলা ও যুব সমাজের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া শ্রেণি, অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও মহাদলিত সম্প্রদায়ের জন্য একাধিক প্রকল্প চালুর কথাও তাঁর বার্তায় উঠে এসেছে।

রাজ্যসভায় সদস্য হওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছিল। ইস্তফা দেওয়ার পর সেই দিকেই নজর দিচ্ছেন নীতীশ কুমার। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বিহারের নতুন সরকারকে সবরকম সহযোগিতা করবেন।


তাঁর কথায়, আগামী সময়েও বিহারের উন্নয়ন অব্যাহত থাকবে এবং রাজ্য আরও এগিয়ে যাবে। পাশাপাশি বিহারের মানুষ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। নীতীশ কুমারের এই পদত্যাগ শুধু একটি সরকারের পতন নয়, বরং বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।