৩ কেন্দ্রশাসিত অঞ্চল ও ১৬ রাজ্যে এবার এসআইআর

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তৃতীয় দফা শুরু করার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে দেশের ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কর্মসূচি শুরু হবে। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে জনসুমারির কাজ চলায় সেই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোটার তালিকা সংশোধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা সময়সূচিও প্রকাশ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং হালনাগাদ করা। কমিশনের বক্তব্য, মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি, একই ব্যক্তির একাধিক নাম অথবা অযোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হবে।


কমিশন জানিয়েছে, যেসব রাজ্যে ইতিমধ্যেই এই সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে, সেগুলিকে আপাতত এই পর্যায়ের বাইরে রাখা হয়েছে। ফলে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং লাদাখে এখনই এই প্রক্রিয়া চালানো হবে না। ওই পার্বত্য অঞ্চলে আবহাওয়া এবং জনসুমারির দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার পরে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এই তৃতীয় দফায় ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভোটার তালিকা সংশোধনের কাজ হবে।

এর পাশাপাশি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি এবং চণ্ডীগড়— এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলও এই কর্মসূচির আওতায় থাকছে।

রাজনৈতিক মহলের মতে, আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করার এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের দাবি, স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই এই বিশেষ সংশোধন অভিযান চালানো হচ্ছে।