অন্ধ্রপ্রদেশে পিকআপ ভ্যানের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু আট পুণ্যার্থীর, আহত অনেকে

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত আট জন পুণ্যার্থী, আহত হয়েছেন আরও ১০-১২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জাতীয় সড়ক ১৬৭-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমানার কাছে ধর্মপুর টোলপ্লাজার ৮-৯ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। একটি পিকআপ ভ্যানে ২১ জন পুণ্যার্থী শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠের উদ্দেশে মন্ত্রলায়ম যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঘটনাটি ভোরবেলায় ঘটায় আশপাশে তেমন লোকজন ছিল না। পরে অন্য গাড়িচালকেরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলা, এক শিশু এবং দুই জন পুরুষ রয়েছেন। তাঁরা সকলেই কর্ণাটকের বাসিন্দা।


ইয়েম্মিগানুর মহকুমার পুলিশ আধিকারিক ভার্গবি জানিয়েছেন, আহতদের কুর্নুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েক জনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।