কর্ণাটকের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলি ও তাঁর ঘনিষ্ঠদের ২১টি ঠিকানায় তল্লাশি চালাল ইডি। ৯ ও ১০ সেপ্টেম্বর বেঙ্গালুরু, বেলাগাভি, গোকাক এবং কলকাতায় একযোগে এই অভিযান চালানো হয়। ইডির দাবি, তল্লাশিতে ৩ কোটি ৩০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ লক্ষ টাকার বিদেশি মুদ্রা, যার মধ্যে মার্কিন ডলার ও ইউরো রয়েছে, উদ্ধার হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডি জানিয়েছে, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন বা ফেমার আওতায় এই তল্লাশি চালানো হয়েছে। অভিযোগ, জারকিহোলি পরিবারের অপ্রকাশিত বিদেশি বিনিয়োগ, বিদেশি সংস্থার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ এবং আর্থিক অনিয়মের তদন্তেই এই অভিযান চালানো হয়। মন্ত্রীর মেয়ে তথা চিক্কোডির সাংসদ প্রিয়াঙ্কা জারকিহোলি, ছেলে রাহুল, শ্যালক ওয়াইডি মঞ্জুনাথ, ওএসডি ও ব্যক্তিগত সহকারী মালাগৌড়া পাতিল-সহ কয়েকজন ঘনিষ্ঠের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়।
ইডির দাবি, একটি বেসরকারি সংস্থা পূর্ত দপ্তরের টেন্ডার পাওয়ার বিনিময়ে ঘুষ দিয়েছিল। সেই টাকা বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশিতে কঙ্গো ও জাম্বিয়ার কয়েকটি বিদেশি সংস্থায় জারকিহোলির পরিবারের সদস্যদের শেয়ার থাকার নথিপত্রও মিলেছে বলে জানিয়েছে ইডি। কঙ্গোর একটি সোনার খনির সঙ্গে যুক্ত সংস্থায় সতীশের প্রায় ৪০ শতাংশ শেয়ার থাকার তথ্যও সামনে এসেছে।
আরও পড়ুন: ব্রিকসে যোগ দিতে মরিয়া পাকিস্তান, সম্মতি নেই ভারতের
পূর্ত দপ্তরে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সংক্রান্ত নথি ও ডিজিটাল তথ্যও পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি। তবে সতীশ জারকিহোলি সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এটিকে নিয়মিত তদন্ত বলে জানিয়েছেন।