রামমন্দির থেকে উধাও দানের টাকা, তদন্তে তিন সদস্যের সিট গঠন যোগী সরকারের

অযোধ্যার রামমন্দির থেকে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। কিছুদিন আগে এমনই অভিযোগ করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাঁর এই দাবি সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়ায়। দানের এত টাকা কোথায় গেল তা নিয়ে মন্দির কর্তৃপক্ষকে প্রশ্নের মুখে পড়তে হয়। এবার এই দুর্নীতির ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিলেন।

শনিবার যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানানোর পরেই সিট গঠন করা হয় বলে জানা গিয়েছে। ওই তদন্তকারী দল সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। আর ১৫ দিনের মধ্যে রাজ্যে সরকারের কাছে তদন্তকারী দলকে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে।

তিন সদস্যের এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন লখনউয়ের বিভাগীয় কমিশনার বিজয় বিশ্বাস পন্থ, অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন কুমার ও লখনউ রেঞ্জের আইজি কিরণ এস। উল্লেখ্য, কিছুদিন আগে অখিলেশ যাদব এই বিষয়ে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘রাম ভক্তদের জন্য এটা খুবই দুঃখের খবর।  রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। মন্দির ট্রাস্টের জন্য এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।’


শুধু তাই নয়, এ বিষয়ে তদন্তের জন্য তিনি আদালতের হস্তক্ষেপেরও দাবি জানান। সেই বিষয়ে তিনি লেখেন, ‘বিষয়টি নিয়ে তদন্তের জন্য দেশের আদালতের হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। এই বিষয়টি সকল রামভক্ত ও সনাতনীদের বিশ্বাসের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। সেখানে সরকারের এভাবে নীরব থাকা অত্যন্ত উদ্বেগজনক।’ সেই সঙ্গে শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট্রের অন্যতম প্রধান দীনেদ্র দাসও এই বিষয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে স্বয়ং শ্রীরাম তাঁর বিচার করবেন। রামই তাঁকে শাস্তি দেবেন।’

দানের টাকা চুরির অভিযোগ উঠতেই মন্দির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তদন্ত শুরু করে। রাজ্য় সরকারও দ্রুত এই ঘটনায় হস্তক্ষেপ করে তদন্তের নির্দেশ দেয়। এরপরেই এই দুর্নীতির ঘটনার তদন্তে তিন সদস্য়ের সিট গঠনের নির্দেশ দেন যোগী আদিত্যনাথ।