হরমুজ প্রণালীতে নৌপরিবহণের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে ফের উদ্বেগ প্রকাশ করল ভারত। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা এবং অসামরিক নাবিকদের বিপদের মুখে ফেলা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও হামলার জন্য কোনও নির্দিষ্ট দেশের নাম করা হয়নি, তবু আন্তর্জাতিক আইন মেনে চলার বার্তা স্পষ্ট ভাবে তুলে ধরেছে ভারত।
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এক বিশেষ বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা, অসামরিক জাহাজকর্মীদের উপর আক্রমণ এবং নৌপরিবহণের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা আন্তর্জাতিক আইনবিরোধী। নিরাপদ সমুদ্রপথ বজায় রাখতে সব দেশকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে জ্বালানি ও সারের সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। হরিশের মতে, এই সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্বল্পমেয়াদি কার্যকর পদক্ষেপ জরুরি।
উল্লেখ্য, গত ১৩ মে সোমালিয়া থেকে শারজার উদ্দেশে রওনা দেওয়া একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ ওমান উপকূলের কাছে হামলার মুখে পড়ে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর জাহাজটি ডুবে গেলেও ওমানের উপকূলরক্ষী বাহিনী সকলকে উদ্ধার করে নিরাপদে ডিব্বা বন্দরে নিয়ে যায়।
এর আগেও হরমুজ় প্রণালী এলাকায় ভারতীয় জাহাজ আক্রান্ত হয়েছে। তাই সমুদ্রপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত।