অ্যাপ বন্ধে ‘টেলিগ্রাম’-এর দাবিকে নস্যাৎ, কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখল হাইকোর্ট

গোটা দেশজুড়ে টেলিগ্রাম অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে টেলিগ্রাম দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছিল। এবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপের উপরে নিষেধাজ্ঞা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। শুক্রবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আদালতের তরফে জানানো হয়, টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করার যথেষ্ট কারণ রয়েছে। সরকারের দেওয়া কারণ যুক্তিসঙ্গত ও আইনসম্মত। বিচারপতি তেজস কারিয়ার বলেন, ‘সরকারের গৃহীত পদক্ষেপ নূন্যতম বিধিনিষেধের মধ্য়ে পড়ে। বর্তমানে সরকারের নেওয়া পদক্ষেপকে অযৌক্তিক বলা যায় না।’ তিনি জানিয়েছেন, নিট পরীক্ষায় দুর্নীতি আটকাতে কেন্দ্র যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা যথেষ্ট যুক্তিসঙ্গত।

টেলিগ্রাম নিয়ে কেন্দ্রের অভিযোগ ছিল, পরীক্ষার প্রশ্ন কেনাবেচার পাশাপাশি সাইবার ক্রাইম ও পর্নোগ্রাফিক ভিডিয়ো পাঠানো-সহ নানান বেআইনি কাজ চলে টেলিগ্রামে। তাই ২১ জুন নিট পুনঃপরীক্ষার আগে দেশজুড়ে টেলিগ্রাম অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। অন্যদিকে, টেলিগ্রামের দাবি ছিল, এভাবে নিষেধাজ্ঞা জারির ফলে ভারতের লক্ষ লক্ষ ব্যবহারকারী হয়রানির শিকার হচ্ছেন। সেই সঙ্গে ভারত সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক বলেও অভিযোগ করেছিল টেলিগ্রাম। কিন্তু আদালত টেলিগ্রামের করা সেইসব অভিযোগ উড়িয়ে কেন্দ্রের সিদ্ধান্তই বহাল রাখল।


উল্লেখ্য, গত ৩ মে নিট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার আগে নিটের প্রশ্নপত্র থেকে ১০০-র বেশি প্রশ্ন টেলিগ্রাম-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, কয়েকটি গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে রীতিমতো নিটের প্রশ্নপত্র কেনাবেচা হয়েছিল। মূলত টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করেই সেই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এর জন্য কর্তৃপক্ষ সেই সময়ে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল।