দিল্লি হিংসা মামলায় ফের ধাক্কা প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদ এবং শারজিল ইমামের। বুধবার তাঁদের জামিনের আর্জি ফের খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার তাঁদের জামিনের আর্জি খারিজ হল। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির হিংসার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ বা ইউএপিএ আইনে মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এই মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উমর এবং শারজিলের নাম রয়েছে। ২০২০ সালের ২৫ আগস্ট শারজিলকে এবং ১৩ সেপ্টেম্বর উমরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর থেকে জেলেই রয়েছেন দু’জন।
চলতি বছরের ৫ জানুয়ারি তাঁদের জামিনের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। তারপর হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন করেন তাঁরা। বুধবার সেই আবেদনের শুনানির পর তা খারিজ করে দিল আদালত। এর আগে ২১ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু অসুস্থ থাকায় দিল্লি পুলিশের তরফে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। সেই আবেদন মেনে শুনানি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছিল আদালত।
চলতি বছরের মার্চে ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেওয়া এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন শারজিল। পরে ২২ সেপ্টেম্বর দিল্লির কড়কড়ডুমা আদালত তুতো বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য তাঁর দ্বিতীয়বার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে। অন্যদিকে, অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য চলতি বছরে তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন উমর।
২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-বিরোধী আন্দোলনের আবহে হিংসা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ৫৩ জনের মৃত্যু এবং ৭০০-এর বেশি মানুষ আহত হন। দিল্লি পুলিশের অভিযোগ, ওই হিংসার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল। সেই মামলায় উমর, শারজিল ছাড়াও খালিদ সাইফি, তাহির হুসেন-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ‘বৃহস্পতিবার নয়, সোমবারই শুনব’, মিলন প্রধানের জামিনে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকা উমর ও শারজিলের জামিনের আবেদন নিম্ন আদালতেও একাধিকবার খারিজ হয়েছে। বুধবার হাইকোর্টের সিদ্ধান্তের পর আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁদের।