মদ্যপান আটকাতে গিয়ে হামলার শিকার সেনা আধিকারিক ও ছেলে, দিল্লিতে চাঞ্চল্য

প্রতীকী চিত্র

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করতেই হামলার শিকার হলেন ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ার ও তাঁর ছেলে। দক্ষিণ দিল্লির বসন্ত এনক্লেভ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গত ১১ এপ্রিল রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই সেনা আধিকারিক রাতের খাবারের পর ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। বাড়ির সামনেই একটি গাড়ির ভিতরে দু’জনকে মদ্যপান করতে দেখেন তিনি। এ নিয়ে আপত্তি জানাতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ব্রিগেডিয়ার পুলিশে খবর দেন। প্রায় ২০ মিনিট পরে পুলিশ পৌঁছয়। এরই মধ্যে গাড়িতে থাকা ব্যক্তিরা তাদের সঙ্গীদের ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই ৭-৮ জন সেখানে এসে ব্রিগেডিয়ারের ছেলের ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ব্রিগেডিয়ারও হেনস্থার শিকার হন বলে অভিযোগ।


ঘটনার পর তিনি বসন্ত বিহার থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও সহযোগিতা পাননি বলে দাবি করেছেন ওই সেনা আধিকারিক। তাঁকে চিকিৎসা সংক্রান্ত নথি আনতে বলা হলেও পুলিশ তাঁর সঙ্গে হাসপাতালে যায়নি। পরে তিনি নিজেই হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করান।

অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত নথি জমা দেওয়ার পরও প্রথমে মামলা দায়ের করা হয়নি, শুধু নথিভুক্ত করা হয় সাধারণ ডায়েরি হিসেবে। পরে একাধিক চেষ্টা ও দৌড়ঝাঁপের পর অবশেষে মামলা দায়ের হয়।

এই ঘটনার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় সেনা। সেনার পক্ষ থেকে ওই আধিকারিককে সবরকম সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্তের জন্য দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এই ঘটনায় এক প্রাক্তন সেনা আধিকারিকও সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দেশের জন্য জীবন বাজি রাখা এক সেনা আধিকারিককে এভাবে হেনস্থার শিকার হতে হওয়া অত্যন্ত দুঃখজনক।

পুরো ঘটনায় আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাজধানীতে এমন ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে।