আসামে ভোটে লড়ার মতো টাকা নেই কংগ্রেসের। তাই সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে দল চাঁদা নিচ্ছে। ভোটে জিততে পারবে না জেনে আসামে অযথা সংখ্যালঘুদের তোষণ করছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে এভাবেই তোপ দাগলেন আসামের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। রবিবার ভূপেনকে বিজেপিতে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভূপেনকে স্বাগত জানিয়ে হিমন্ত বলেন, ‘কংগ্রেসে তিক্ত অভিজ্ঞতার কারণেই বাধ্য হয়ে দল ছেড়েছেন তিনি।’
১৬ ফেব্রুয়ারি আচমকাই কংগ্রেস থেকে পদত্যাগ করে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন ভূপেন। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে সেই ইস্তফা প্রত্যাহার করেছিলেন তিনি। পরের দিনই গুয়াহাটির ঘোড়ামারায় ভূপেনের বাড়িতে গিয়েছিলেন হিমন্ত। বেশ কিছুক্ষণ বৈঠক করেন তাঁরা। ভূপেনের বাড়ি থেকে বেরিয়ে হিমন্ত জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন। হিমন্তের ঘোষণা মতোই রবিবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপিতে যোগ দিয়ে হাত শিবিরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলেন ভূপেন। তিনি বলেন, ‘সব কিছুতেই যদি তোষণের রাজনীতি চলে, তা হলে কী ভাবে কংগ্রেসে কাজ করব?’ কংগ্রেস শুধু রাজ্যের মুসলিম অধ্যুষিত ২৫টি আসন নিয়েই আগ্রহী বলেও অভিযোগ করেন এই প্রবীণ নেতা। ভূপেনের আরও অভিযোগ, কংগ্রেসের ভোটে লড়ার মতো টাকা নেই। তাই সম্ভাব্য প্রার্থীদের কাছে টাকা চাইছে কংগ্রেস। ভূপেনের দাবি, কংগ্রেসের ৬০০ সম্ভাব্য প্রার্থী বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। ভূপেনের অভিযোগ নিয়ে কংগ্রেস নেতৃত্ব অবশ্য কোনও পাল্টা প্রতিক্রিয়া জানায়নি।