প্রায় ২৫ বছর পর দেশের সব নির্বাচন কমিশনারদের নিয়ে জাতীয় স্তরের বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৪ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা।
নতুন কোনও নীতি বা নিয়ম আনা হতে পারে কি না, তা নিয়েই ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ডা. সুখবীর সিং সান্ধু এবং ডা. বিবেক যোশীর সঙ্গে সম্মেলনে সভাপতিত্ব করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য নির্বাচন কমিশনারদের উদ্যেশ্যে তাঁদের বক্তব্য রাখার কথা। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা যোগ দেবেন বলে জানিয়েছে কমিশন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, ভোট পরিচালনার আধুনিক পদ্ধতি এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন, আর লোকসভা ও বিধানসভা ভোটের দায়িত্বে থাকে জাতীয় নির্বাচন কমিশন।
এদিকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্যে বর্তমানে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক এবং সুপ্রিম কোর্টে মামলার আবহে দীর্ঘদিন পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।