শুধু যে মুখের কথা নয় সেটা বৃহস্পতিবার রাত থেকেই টের পাওয়া গেল। কাতারে কাতারে কালো মাথার সারি চলেছে শিবাজি পার্কের দিকে। প্রত্যেকেই যেন তেতে আছে। শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে, এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না। ভোট চুরি হয়েছে বলে তাঁদের দাবি। আর তার বিরুদ্ধেই আন্দোলনে নামতে চলেছেন। অবিলম্বে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন তাঁরা। শুক্রবার সকাল থেকে যে আন্দোলন আছড়ে পড়বে সেটা এদিন রাত থেকেই টের পাওয়া গেল। ‘শুধু জ্ঞানেশ কুমার নয়। যদি প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ইস্তফা চাওয়া হবে।’ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে ‘ককরোচ’রা। সুতরাং শুক্রবার মুম্বাইয়ের আন্দোলন থেকেই প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর ইস্তফার দাবিও তুলতে পারে ককরোচ জনতা পার্টি। এদিন প্রবল বিক্রমে তাঁরা এগিয়ে চললেন।
এদিকে রাত পোহালেই বাণিজ্যনগরীর শিবাজি পার্ক যে সরগরম হয়ে উঠবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে মুম্বাইয়ের শিবাজি পার্কে আন্দোলন শুরু করছে ককরোচ জনতা পার্টি। সেখানে হবে আইন অমান্য। মুম্বাইয়ের আইনশৃঙ্খলা এই আন্দোলনের জেরে অবনতি হওয়ার আশঙ্কাও আছে। যদিও ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে আগেই জানান, জেল ভরো কর্মসূচি হলেও তাঁদের আন্দোলন শান্তিপূর্ণই থাকবে। এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, ‘প্রত্যেকেই মুম্বাইয়ে পৌঁছে গিয়েছেন। আপনারাও আসুন। জ্ঞানেশ কুমার যতদিন পর্যন্ত ইস্তফা না দিচ্ছেন, ততদিন মাটি কামড়ে পড়ে থাকুন। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে।’
4PM – Gate No.6, Shivaji Park!
Time’s up Gyaanu, pack your bags! pic.twitter.com/5qlQaKBQkI
— Cockroaches of India (@CJP_for_India) October 1, 2026
অন্যদিকে গোটা দেশেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করেছে। নয়াদিল্লিতে বিরোধীরা এককাট্টা হয়েছে। সেখান থেকেও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। গোটা দেশজুড়ে আন্দোলনে নামতে চায় ককরোচরা। যা গান্ধীজয়ন্তীতে মুম্বাই থেকে শুরু হতে চলেছে। ওই ভিডিও বার্তায় দেখা যাচ্ছে, ক্রিকেটের একটি লাল ডিউস বল হাতে রয়েছে অভিজিৎ দিপকের। বার্তা দেওয়ার সময় তিনি ক্রমাগত সেই বল নাচাচ্ছেন। সামান্য উপরে ছুঁড়ছেন, আবার লুফে নিচ্ছেন। খেলোয়াড়ের ভঙ্গিতে আসলে নরেন্দ্র মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে বলে মনে করা হচ্ছে।
তাছাড়া মুম্বাইয়ের শিবাজি পার্কের সামনে থেকে ভিডিও বার্তা আগেই পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। আশুতোষের দাবি, ‘ককরোচদের আন্দোলনের ঝাঁঝ আবারও টের পাবে মোদী সরকার। পদত্যাগ না করা পর্যন্ত জ্ঞানেশ কুমারের রেহাই নেই। তিনি ভোট চুরি করেছেন।’ এই আবহে হঠাৎই সমাজমাধ্যমে সক্রিয় হয়েছে ‘জেন জি অফ ইন্ডিয়া’ নামে একটি প্রোফাইল। ২০২৩ সালের আগস্ট মাসে এই প্রোফাইল সমাজমাধ্যমে জয়েন করলেও এর সক্রিয়তা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ‘ককরোচ’দের দ্বিতীয় দফায় আন্দোলন ঘোষণা করার পর। কদিনের মধ্যেই এই প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।