বিধানসভা নির্বাচনের আবহে তুঙ্গে উঠেছিল ঝালমুড়ির রাজনীতি। এবার তা পৌঁছে গেল জাতীয় রাজনীতির অলিন্দে। বুধবার ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘটনার মধ্যে দিয়ে একেবারে খাঁটি বাঙালি মেজাজ নয়াদিল্লির দরবারে ধরা পড়ল। টানা ৪,৩৯৯ দিনেরও বেশি সময় দায়িত্ব পালন করলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডও ভেঙে দিলেন।
এদিকে দেশের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার উদযাপনে নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসে এনডিএ-র বৈঠক। আর সেই হাইপ্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনীতির গাম্ভীর্যে ভরা আবহ এক লহমায় হালকা হয়ে গেল এক ঠোঙা ‘ঝালমুড়ি’ বানিয়ে হাতে তুলে দেওয়ার মধ্যে। আর এই ঝালমুড়ি খেয়ে অত্যন্ত সুস্বাদু বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। এমনকী ঝালমুড়ি তৈরি করে খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
#WATCH | Prime Minister Narendra Modi shares Jhalmuri with fellow NDA leaders at the NDA meeting today at Delhi’s Bharat Mandapam.
(Source: Narendra Modi/Instagram) pic.twitter.com/JbTckJSjGP
— ANI (@ANI) June 10, 2026
অন্যদিকে এই বৈঠকে এনডিএ-র শীর্ষ নেতাদের উপস্থিতিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি উপভোগ করে খেতে দেখা গেল। বাংলার অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড ঝালমুড়ি খেয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ এনডিএ বৈঠকে সহকর্মী নেতাদের সঙ্গে ঝালমুড়ি ভাগ করে নিচ্ছি।’ এই ভিডিওতে দেখা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যত্ন সহকারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাতে ঝালমুড়ি তুলে দিচ্ছেন। এমনকী বিজেপি সভাপতি নীতিন নবীন-সহ বৈঠকে উপস্থিত অন্যান্য শীর্ষ এনডিএ নেতাদের পাতেও ঝালমুড়ি পরিবেশন করেন বাংলার মুখ্যমন্ত্রী।
তাছাড়া এনডিএ সাংসদদের নিয়ে এদিন নৈশভোজের আয়োজন করা হয়েছে। তার আগে ঝালমুড়ি সহযোগে আড্ডা বাঙালি আমেজকে তুঙ্গে তুলে ধরে। নৈশভোজে এলাহি আয়োজন করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে ঝালমুড়ির স্বাদ নিলেন দেশের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী। বাংলা জয়ের পর মোদীর অভ্যর্থনা জ্ঞাপন বক্তব্যেও উঠে আসে ঝালমুড়ি প্রসঙ্গ। নেদারল্যান্ডস সফরে গিয়েও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল ঝালমুড়ির কথা। আবারও বাংলার ঝালমুড়ির রাজধানীর বৈঠকে জায়গা পেল। এবার ভারত মণ্ডপমে শুভেন্দু অধিকারীর হাতে তৈরি ঝালমুড়িতে রসনাতৃপ্তি করলেন মোদী। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে একটি নির্বাচনী জনসভা শেষ করে যখন প্রধানমন্ত্রী হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎই প্রোটোকল ভেঙে রাস্তার ধারের একটি ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে পড়েন তিনি। আর পকেট থেকে ১০ টাকা বের করে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই ঝালুমড়ি এবার রাজধানীর আড্ডায় জায়গা পেল।