ভোটের আগে সরকারি স্কুলে ১২,৫০০ কোটি, বড় ঘোষণা রাজস্থান সরকারের

Image: IANS

ককরোচ জনতা পার্টির (CJP) ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি এবং বিধানসভায় কংগ্রেসের লাগাতার প্রশ্নের মধ্যে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ করল রাজস্থানের বিজেপি সরকার (BJP)। আগামী ৩ বছরে সরকারি স্কুলগুলির মানোন্নয়নে প্রায় ১২,৫০০ কোটি টাকা খরচের পরিকল্পনার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকার (CM Bhajan Lal Sharma)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে রাজ্যে পুরভোট শুরু হওয়ার কথা। তার ঠিক আগে এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের পর দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে সিজেপি (CJP)। সম্প্রতি সেই কর্মসূচির অংশ হিসেবে রাজস্থানের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন দলের যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka)। তাঁকে ‘হামলা’ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বিধানসভায় সরকারি স্কুলগুলির পরিকাঠামো নিয়ে সরব হয় কংগ্রেস। তার পরেই নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করল রাজ্য সরকার।

আরও পড়ুন: চিনির কালোবাজারি ও অযথা মজুত করা রুখতে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযান


কয়েকদিন আগেই বিধানসভায় দেওয়া তথ্যে রাজ্যের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর দুরবস্থা সামনে আসে। জানা যায়, ৬১১টি স্কুলের নিজস্ব ভবন নেই। ২,০০০-এর বেশি স্কুলে শৌচালয়ের ব্যবস্থা নেই এবং ১,০০০-এরও বেশি স্কুলে নেই পানীয় জলের সুবিধা। তবে এই পরিস্থিতির জন্য পূর্বতন কংগ্রেস সরকারকেই দায়ী করেছে বর্তমান বিজেপি সরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ বছরে ৩,৫৮৭টি নতুন স্কুল ভবন তৈরি করা হবে। এর জন্য বরাদ্দ প্রায় ২,৪৮৭ কোটি ৭০ লক্ষ টাকা। পাশাপাশি ৮৩,৭৮৩টি নতুন শ্রেণিকক্ষ তৈরিতে খরচ হবে ৮,৩৭৮ কোটি ৩০ লক্ষ টাকা। ২২,৫৮৯টি স্কুল ভবনের মেরামতি ও রক্ষণাবেক্ষণে বরাদ্দ করা হয়েছে ১,১২৯ কোটি ৫০ লক্ষ টাকা। এছাড়া ১৩ হাজারেরও বেশি নতুন শৌচালয় তৈরিতে খরচ হবে ৩৪০ কোটি ৪০ লক্ষ টাকা।

আরও পড়ুন: ব্যাঙ্কে ৫ দিনের কাজের দাবিতে সেপ্টেম্বরে ফের ধর্মঘট, ২৬ অক্টোকর থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারী

রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরভোটের আগে সরকারি স্কুলের পরিকাঠামোর বেহাল দশাকে ইস্যু করে বিরোধীরা যেভাবে সরকারকে চাপে ফেলছিল, এই বিপুল কর্মপরিকল্পনার মাধ্যমে তা মোকাবিলার চেষ্টা করছে বিজেপি সরকার। অন্যদিকে, স্কুলের বাস্তব পরিস্থিতি কতটা বদলায়, এখন সেদিকেই নজর থাকবে বিরোধী দল এবং সিজেপির (CJP)।

দেখুন: ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে দেব না’, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর