প্রধান বিচারপতির ‘আরশোলা’ মন্তব্য সৌরভ দাসকে লক্ষ্য করেই, বিস্ফোরক দাবি অভিজিৎ দীপকের

Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke speaks to the media, in New Delhi on Wednesday. CJP chief spokesperson Saurav Das and national spokesperson Ashutosh Ranka also present. (ANI Video Grab)

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) করা সেই বহুচর্চিত ‘আরশোলা’ (Cockroach) মন্তব্য নিয়ে ফের শুরু হল নয়া জল্পনা। এবার ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) প্রতিষ্ঠাতা এবং জাতীয় আহ্বায়ক অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) একটি চাঞ্চল্যকর দাবি করলেন। তাঁর মতে, প্রধান বিচারপতির ওই মন্তব্যটি আসলে সিজেপি-র সহ-আহ্বায়ক তথা সাংবাদিক সৌরভ দাসকে (Saurav Das) লক্ষ্য করেই করা হয়েছিল। অভিজিতের ভাষায়, সৌরভ হলেন একজন আসল বা ‘ওজি ককরোচ’ (OG Cockroach)।

নেপথ্যের কারণ

চলতি বছরের মে মাসে একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সংবাদমাধ্যম এবং আরটিআই (RTI) কর্মীদের একাংশকে ‘আরশোলা’ এবং ‘সমাজের পরজীবী’ বলে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে দাবি করেন, সৌরভ দাসের সাংবাদিকতার কাজ এবং প্রধান বিচারপতিকে কেন্দ্র করে তাঁর একাধিক আরটিআই করার কারণেই ওই নির্দিষ্ট শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল। অভিজিৎ বলেন, ‘আরশোলা শব্দটি সৌরভের জন্যই ব্যবহৃত হয়েছিল। ও আসলে একজন ওজি ককরোচ।‘


কী বলছেন সৌরভ

সাক্ষাৎকারের সময় সেখানে উপস্থিত ছিলেন সৌরভ দাস নিজেও। তিনি জানান, প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর বহু আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সৌরভের কথায়, ‘ওই মন্তব্যের পর ওঁরা আমাকে বলেছিলেন যে, কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা। কারণ সেই সময়ে আমি বিচারপতি সূর্য কান্তকে নিয়ে একটি প্রোফাইল তৈরির কাজ করছিলাম। যাঁরা আমার কাজের সঙ্গে পরিচিত তাঁরা জানেন যে, আমি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (DY Chandrachud) নিয়েও প্রোফাইল লিখেছি।‘ প্রধান বিচারপতির ওই মন্তব্য প্রসঙ্গে সৌরভের দাবি, ‘এটা অসম্ভব নয় যে মন্তব্যটি আমাকে লক্ষ্য করেই করা হয়েছিল।‘

মে মাসের সেই বিতর্ক

গত ১৫ মে সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীকে (Justice Joymalya Bagchi) সঙ্গে নিয়ে একটি মামলার শুনছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সেখানে আইনজীবীদের একাংশের ভুয়ো ডিগ্রির প্রসঙ্গ ওঠে। ক্ষুব্ধ প্রধান বিচারপতি সেই সময় বলেছিলেন, ‘এমন কিছু যুবক রয়েছে যারা আরশোলার মতো, পেশাগত ভাবে যাদের কোনও জায়গা নেই। এদের কেউ কেউ এখন সংবাদমাধ্যম, কেউ সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে বসেছে এবং সিস্টেমের ওপর আক্রমণ শানাচ্ছে।‘ এই মন্তব্যের প্রতিবাদেই ১৬ মে জন্ম নেয় জেন-জিদের (Gen-Z) রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। যদিও পরে প্রধান বিচারপতি তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে জানিয়েছিলেন, তাঁর নিশানায় কেবল ভুয়ো ডিগ্রিধারীরাই ছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু ককরোচ হয়ে রয়েছে সমসময়ের সবচেয়ে আলোড়িত শব্দবন্ধ।