২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশ হতেই অদ্ভুত বিভ্রান্তি তৈরি হয়েছে। মেধাতালিকার ৩০১ নম্বর র্যাঙ্ক ঘিরে নিজেদের দাবিদার বলে সামনে এসেছেন দুই তরুণী। দু’জনেরই নাম আকাঙ্ক্ষা সিংহ, আবার দু’জনের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বরও এক—০৮৫৬৭৯৪। ফলে আসল ‘হকদার’ কে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
শনিবার ইউপিএসসি-র ফল প্রকাশিত হয়। ফল ঘোষণার পর উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা আকাঙ্ক্ষা সিংহ দাবি করেন, মেধাতালিকায় ৩০১ নম্বরে রয়েছেন তিনি। ঠিক সেই সময়ই বিহারের আরা থেকে আরও এক আকাঙ্ক্ষা সিংহ একই দাবি করেন। দু’জনেরই নাম, পদবি এবং রোল নম্বর এক হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।
গাজীপুরের আকাঙ্ক্ষার দাবি, তিনি পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পাটনা এমস থেকে স্নাতকোত্তর করেছেন এবং দিল্লিতে থেকে ইউপিএসসি-র প্রস্তুতি নিয়েছেন। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি জানান, তাঁর নাম আকাঙ্ক্ষা সিংহ এবং তিনিই ৩০১ নম্বর র্যাঙ্ক পেয়েছেন। তাঁর অভিযোগ, একই নাম ও রোল নম্বরের আর এক তরুণী ভুল দাবি করছেন।
তিনি আরও বলেন, অ্যাডমিট কার্ডে থাকা বারকোড স্ক্যান করলেই প্রকৃত তথ্য সামনে চলে আসবে। তখনই বোঝা যাবে আসল র্যাঙ্কধারী কে।
অন্য দিকে বিহারের আরার আকাঙ্ক্ষা সিংহও দাবি করেছেন, মেধাতালিকার ৩০১ নম্বরে রয়েছেন তিনিই। জানা গিয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন রণবীর সেনার প্রতিষ্ঠাতা ব্রহ্মেশ্বর সিংহের নাতনি। তাঁর দাবি, ‘দিনে প্রায় ১০ ঘণ্টা পড়াশোনা করেছি। গত বছর পরীক্ষায় সফল হতে পারিনি। এ বার সফল হয়েছি। পরীক্ষা নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার ঠাকুরদার স্বপ্ন ছিল তাঁর নাতনি আমলা হবে।’
এ দিকে গাজীপুরের আকাঙ্ক্ষা সমাজমাধ্যমে অভিযোগ তুলেছেন, ‘আমার নাম ও র্যাঙ্ক সমনামী অন্য এক জন নিজের বলে দাবি করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা।’ একই নাম, একই রোল নম্বর এবং একই র্যাঙ্কের দাবি ঘিরে ইউপিএসসি ফল প্রকাশের পর থেকেই তৈরি হয়েছে বিভ্রান্তি। এখন নজর রয়েছে কমিশনের দিকেই—এই রহস্যের জট কী ভাবে খোলে।