দান্তেওয়াড়ার জঙ্গলে মাওবাদীদের বিপুল বিস্ফোরক উদ্ধার, বড় সাফল্য

মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার ঘন জঙ্গল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র সামগ্রী উদ্ধার হয়েছে। সূত্রের খবর, বাস্তার অঞ্চলে মাওবাদীদের সাম্প্রতিক আত্মসমর্পণের পর থেকেই লুকিয়ে রাখা অস্ত্রভাণ্ডার খুঁজে বের করতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সেই অভিযানের মধ্যেই বরসুর থানার অন্তর্গত তোদমা গ্রামের জঙ্গলে এই বড় উদ্ধার হয়।

নির্দিষ্ট গোপন সূত্রের খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং স্থানীয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি গোপন ভাণ্ডার থেকে ৭৫টি ইলেকট্রিক ডেটোনেটর, বিভিন্ন ধরনের গুলি, জেলাটিন স্টিক, সেফটি ফিউজ তার এবং প্রায় ৫০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়।

এছাড়াও উদ্ধার হয়েছে দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, যোগাযোগের সরঞ্জাম, ব্যাটারি, বৈদ্যুতিক তার, ইউরিয়া গুঁড়ো এবং মাওবাদী সাহিত্য। উদ্ধার হওয়া এই সামগ্রী থেকে স্পষ্ট, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল মাওবাদী নেটওয়ার্ক।


অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয় এবং কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সমস্ত বাহিনী নিরাপদে ফিরে আসে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই ধরনের অভিযান চলতে থাকলে বাস্তার অঞ্চলে মাওবাদী প্রভাব দ্রুত কমবে। সাম্প্রতিক আত্মসমর্পণ এবং ধারাবাহিক তল্লাশি অভিযানের ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে বলেই মনে করছেন আধিকারিকরা।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্ধার শুধু একটি সাফল্য নয়, বরং ভবিষ্যতে বড় ধরনের নাশকতার সম্ভাবনাও নস্যাৎ করে দিয়েছে।