যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ বা পলিউশন আন্ডার কন্ট্রোল (পিইউসি) শংসাপত্রের নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বার থেকে গাড়ির বয়স এবং দূষণ-মানদণ্ড (বিএস বা ভারত স্টেজ) অনুযায়ী পিইউসি শংসাপত্রের মেয়াদ আলাদা হবে। এক দিকে যেমন নতুন বিএস-৬ (BS-VI) প্রযুক্তির ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে শংসাপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে, তেমনই পুরনো বিএস-১, বিএস-২ এবং বিএস-৩ গাড়ির ক্ষেত্রে নিয়ম কঠোর করে মেয়াদ কমিয়ে তিন মাস করা হয়েছে।
মোটর ভেহিকলস আইন, ১৯৮৮-র ১১০ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস, ১৯৮৯’-এর ১১৫ নম্বর বিধি সংশোধন করে ‘সেন্ট্রাল মোটর ভেহিকলস (ষোড়শ সংশোধনী) বিধি, ২০২৬’ জারি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রকের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদের স্বাক্ষরিত ১৩ নভেম্বরের ওই বিজ্ঞপ্তিটি ১৬ নভেম্বরের সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার দিন থেকেই কার্যকর হয়েছে। গত ২২ জুলাই এই সংশোধনীর খসড়া বিজ্ঞপ্তি তৈরি করে ২৪ জুলাই গেজেটে প্রকাশ করা হয়েছিল এবং সাধারণ মানুষের আপত্তি ও পরামর্শ জানানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সমস্ত মতামত খতিয়ে দেখার পরেই চূড়ান্ত বিধি প্রকাশ করল মন্ত্রক।<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Government amends rules for vehicle Pollution Under Control certificates. https://t.co/xYX4sMab7g</p>— Press Trust of India (@PTI_News) <a href=”https://x.com/PTI_News/status/2123335870526988328?ref_src=twsrc%5Etfw”>November 19, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
কোন গাড়ির পিইউসি-র মেয়াদ কত দিন
সংশোধিত বিধির ৭ নম্বর উপধারা অনুযায়ী, প্রতিটি যানবাহনেই সংশ্লিষ্ট রাজ্য সরকার অনুমোদিত সংস্থা থেকে নেওয়া বা নবীকরণ করা বৈধ পিইউসি শংসাপত্র রাখতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা দেখতে চাইলে তা পেশ করতে হবে। ৭(ক) উপধারায় গাড়ির শ্রেণি অনুযায়ী শংসাপত্রের নতুন মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিএস-১, বিএস-২ ও বিএস-৩ গাড়ি, এই তিন মানদণ্ডের সমস্ত মোটর গাড়ির ক্ষেত্রে পিইউসি শংসাপত্রের মেয়াদ হবে তিন মাস। বিএস-৪ মানদণ্ডের সমস্ত গাড়ির ক্ষেত্রে শংসাপত্রের মেয়াদ থাকবে ছ’মাস। বিএস-৬ ব্যক্তিগত (নন-ট্রান্সপোর্ট) গাড়ির ক্ষেত্রে প্রথম নথিভুক্তির (রেজিস্ট্রেশন) তারিখ থেকে ছ’বছর পর্যন্ত প্রতি তিন বছরে একবার পিইউসি শংসাপত্র করাতে হবে। গাড়ির বয়স ছ’বছরের বেশি কিন্তু ১০ বছরের মধ্যে হলে প্রতি এক বছরে একবার এবং ১০ বছর পেরিয়ে গেলে প্রতি ছ’মাসে একবার নবীকরণ বাধ্যতামূলক। বিএস-৬ বাণিজ্যিক (ট্রান্সপোর্ট) গাড়ির ক্ষেত্রে প্রথম নথিভুক্তির তারিখ থেকে ছ’বছর পর্যন্ত প্রতি দু’বছরে একবার শংসাপত্র নিতে হবে। ছ’বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত প্রতি এক বছরে একবার এবং ১০ বছরের বেশি বয়সি গাড়ির ক্ষেত্রে প্রতি ছ’মাস অন্তর পিইউসি নবীকরণ করতে হবে।
রিনিউয়ালে বাড়তি সুবিধা ও পুরনো শংসাপত্রের নিয়ম
গাড়ির মালিকদের সুবিধার্থে শংসাপত্র নবীকরণের (রিনিউয়াল) নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্র। এত দিন মেয়াদ ফুরোনোর কয়েক দিন আগে পিইউসি নবীকরণ করালে পুরনো শংসাপত্রের অবশিষ্ট দিনগুলি বাদ চলে যেত। নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, কোনও শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার আগের ১০ দিনের মধ্যে নবীকরণের আবেদন করলে, নতুন শংসাপত্রটি পুরনো মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকেই কার্যকর হবে। তবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে নবীকরণ করা হলে, যে দিন নবীকরণ করা হচ্ছে সেই দিন থেকেই নতুন মেয়াদ গণনা শুরু হবে।
এ ছাড়া যাঁদের গাড়িতে এই সংশোধনী বিধি কার্যকর হওয়ার আগেই পিইউসি শংসাপত্র নেওয়া রয়েছে, তাঁদের ক্ষেত্রে এখনই মেয়াদের কোনও বদল ঘটছে না। নতুন বিধি বলবৎ হওয়ার পর প্রথম বার যখন তাঁরা শংসাপত্রটি নবীকরণ করবেন, কেবল তখন থেকেই এই পরিবর্তিত মেয়াদ কার্যকর হবে।
দূষণ নিয়ন্ত্রণে নয়া কৌশল
পরিবহণ বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিএস-৬ প্রযুক্তির ইঞ্জিন তুলনামূলক ভাবে অনেক কম দূষণ ছড়ায়। তাই প্রথম ছ’বছর ধরে এই গাড়িগুলির মালিকদের ঘন ঘন দূষণ পরীক্ষার কেন্দ্রের লাইনে দাঁড়ানোর ঝক্কি অনেকটাই কমল। অন্য দিকে, পুরনো প্রযুক্তির বিএস-১, বিএস-২ ও বিএস-৩ গাড়ি থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণের মাত্রা বেশি থাকায় সেগুলির ওপর নজরদারি বাড়াতে প্রতি তিন মাসে একবার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এতে পরিবেশবান্ধব আধুনিক গাড়ি ব্যবহারে উৎসাহ বাড়ার পাশাপাশি শহরের বাতাসে দূষণের রাশ টানাও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।