সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি কেন্দ্রের, এক অফিসারের জন্য একটিই গাড়ি

One Post One Car Photo-ANI

সরকারি গাড়ির ব্যবহার নিয়ে এবার নতুন নীতি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও সরকারি অফিসার বা আমলার জন্য একটির বেশি সরকারি গাড়ি বরাদ্দ করা হবে না। সংশ্লিষ্ট অফিসার অন্য কোনও মন্ত্রক, দপ্তর অথবা সরকারি সংস্থার অতিরিক্ত দায়িত্বে থাকলেও তাঁর জন্য পৃথকভাবে দ্বিতীয় সরকারি গাড়ি দেওয়া হবে না। সরকারি গাড়ির অপব্যবহার প্রতিরোধ করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এই দুটি কারণের জন্যই এমন নীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি গাড়ির অপব্যবহার ঠেকাতে এবং অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানোতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই নতুন এই নীতি কার্যকর করা হচ্ছে বলেও খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে থাকা ব্যয় বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই নতুন নীতির কথা জানানো হয়েছে। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক বা তার অধীনে থাকা নানা দপ্তরকে সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রথম এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকা এবার সংশোধিত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে এই নীতি আরও কঠোর করা হয়েছে।

নতুন নির্দেশিকা কার্যকর হলে একাধিক দায়িত্ব সামলানো উচ্চপদস্থ অফিসারদের ক্ষেত্রেও একটি সরকারি গাড়িই ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় সরকারের আশা, এটার ফলে সরকারি সম্পদের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত হবে এবং অযথা খরচও কমবে। নয়া নিয়ম অনুযায়ী,  কোনও উচ্চপদস্থ সরকারি অফিসারের কাছে যদি ইতিমধ্যেই কোনও সরকারি গাড়ি থাকে তাহলে তিনি আর দ্বিতীয় গাড়ির অনুমোদন পাবেন না। অনেক আমলা বা সরকারি অফিসারই একাধিক মন্ত্রক বা সরকারি সংস্থায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন।


তাছাড়া কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে, সংশ্লিষ্ট ওই অফিসারের জন্য একটি গাড়িই বরাদ্দ করা হবে। এমনকী স্বশাসিত সংস্থা বা আধা-সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত হলেও ওই অফিসার একটি সরকারি গাড়িই ব্যবহার করতে পারবেন। এই নীতির নেপথ্যে রয়েছে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সরকারি সম্পদের অপব্যবহার ঠেকানো, অপ্রয়োজনীয় খরচ কমানো। এক্ষেত্রে এই পদক্ষেপকে ‘এক পদ, এক গাড়ি’ নীতিও বলছেন অনেকে।