সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে বিশেষ উদ্যোগ। প্রায় ২৬ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রক। এই জাতীয় সড়ক তৈরির জন্য কেন্দ্রীয় সরকার ৭০৬.৬৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এই রাস্তা নির্মাণের জন্য ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্বে থাকা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে।
৩০ সেপ্টেম্বর এই নিয়ে টেন্ডার প্রকাশ হয়েছে। ৬-১৬ নভেম্বর পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর দরপত্রগুলি খোলা হবে। ২৭ অক্টোবর এই রাস্তার কাজ নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ১০ নম্বর জাতীয় সড়ক সেবক থেকে কালিম্পং হয়ে সিকিমে প্রবেশ করেছে। সিকিমের প্রবেশদ্বার রংপো হয়ে রানিপুল পর্যন্ত জাতীয় সড়ক এক লেনের। রংপো থেকে সিকিমের অন্য প্রান্তে সড়ক যোগযোগ রয়েছে। সেই কারণে এই রাস্তায় যানজট হয়ে থাকে।
এর আগেই রানিপুল থেকে গ্যাংটক পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা দুই লেনের তৈরি করা হয়েছে। কিন্তু রংপো থেকে রানিপুল পর্যন্ত ২৫.৮৭ কিলোমিটার জাতীয় সড়ক এক লেনের। ঝুঁকিপূর্ণ পাহাড়ের জেরে এই রাস্তাটি সম্প্রসারণের বিষয়ে এতদিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এবার রাস্তাটি তৈরির কাজ শুরু হবে। জানা গিয়েছে, এই রাস্তায় ঝুঁকিপূর্ণ এবং ধসপ্রবণ এলাকায় টানেল তৈরি করা হবে। সেই সঙ্গে রাস্তার একাধিক জায়গায় ভায়াডাক্ট বা নদীর ওপরে উঁচু সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই কাজ শেষ করার জন্য প্রায় ১৩ বছরের সময়সীমা ধরা হয়েছে।
আরও পড়ুন: ‘মাথা ঠাণ্ডা রেখে আপনি…’ মোদী-স্মিতকে ইজরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর
কেন্দ্রের এই পদক্ষেপকে সিকিমের পর্যটনমন্ত্রী ছিরিং থেনডুপ ভুটিয়া স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এর ফলে সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পর্যটনের বিকাশেও সহায়ক হবে।’ পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলেছেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২৬ কিলোমিটার রাস্তা তৈরির জন্য দীর্ঘ সময় লাগবে। তবে রাস্তাটি তৈরি হয়ে গেলে সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হবে। এর ফলে পর্যটকরা আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।’