পোর্টালের নিরাপত্তা ঘাটতি মেনে নিল সিবিএসই, ব্যবস্থায় আইআইটি ও সরকারি দল

সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় অন স্ক্রিন মূল্যয়ন ব্যবস্থায় ব্যবহৃত অনমার্ক পোর্টালে সাইবার নিরাপত্তায় কিছু দুর্বলতা ছিল বলে স্বীকার করে নিয়েছে বোর্ড। প্ল্যাটফর্মটিকে আরও সুরক্ষিত করতে বিশেষজ্ঞদের একটি সাইবার নিরাপত্তা দল নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছে বোর্ড। এই পোর্টালটি মূলত দ্বাদশ শ্রেণির উত্তরপত্র মূল্যায়ন কাজে ব্যবহৃত হয়।

সিবিএসই তাদের সরকারি এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘আমাদের অনমার্ক পোর্টালে চিহ্নিত হওয়া নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতাগুলির উপর বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। গত কয়েক দিনে সরকারের বিভিন্ন সংস্থা এবং আইআইটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। যারা এই ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নিরাপদ করতে তুলতে কাজ করছে।‘

এর আগে ১৯ বছর বয়সি নিসর্গ অধিকারী দাবি করেন যে অনমার্ক পোর্টালের লিঙ্ক সম্পূর্ণভাবে উন্মুক্ত ছিল। সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থায় একাধিক ত্রুটিও ছিল। তাঁর অভিযোগ, ওএসএম পোর্টালে এমন কয়েকটি গুরুতর দুর্বলতা ছিল, যার মাধ্যমে পরীক্ষকদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে দখলে নেওয়া সম্ভব। তিনি একটি পোস্ট করে তাঁর কথা জানান।


লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সিবিএসই-র ওএসএম বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে কয়েকজন ছাত্রের সঙ্গে তাঁর কথোপকথন দেখা যায়। বিরোধী দলনেতা ওই পড়ুয়াদের ‘সাহসী তরুণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এরা কিছু প্রশ্ন করেছিল, কিন্তু ‘উত্তরের বদলে অপমানিত’ হয়েছে।