চাষিদের ভয় দেখিয়ে নামমাত্র দামে ৯১২ একর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মানেসার কাণ্ডে সিবিআইয়ের নজরে নামী রিয়েল এস্টেট সংস্থা

Manesar land scam case: CBI files four chargesheets; M3M promoter Roop Bansal named accused (Image: m3mindia.com)

হরিয়ানার বহু চর্চিত মানেসার জমি কেলেঙ্কারি (Manesar land scam) মামলায় আরও কড়া পদক্ষেপ করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই (CBI)। এই মামলায় সম্প্রতি চারটি নতুন চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যেখানে নামী রিয়েল এস্টেট সংস্থা এম৩এম গ্রুপের (M3M Group) প্রোমোটার রূপ বনসলের (Roop Bansal) নাম অভিযুক্ত (accused) হিসেবে যুক্ত করা হয়েছে। গত ৬ নভেম্বর পঞ্চকুলায় সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বিজয়ন্ত সেহগলের এজলাসে এই চার্জশিটগুলি পেশ করা হয় এবং আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তবে রিয়েল এস্টেট সংস্থাটির পক্ষ থেকে এই দুর্নীতিতে জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কী এই মানেসার জমি কেলেঙ্কারি?

এই জমি দুর্নীতির মূল অভিযোগটি সরকারি আমলা ও বেসরকারি রিয়েল এস্টেট সংস্থাগুলির অশুভ আঁতাতের সঙ্গে যুক্ত। সিবিআইয়ের অভিযোগ অনুযায়ী, সরকার জমি অধিগ্রহণ করবে, তখন আর পয়সাই পাবে না– এই ভয় দেখিয়ে গুরুগ্রাম জেলার মানেসার, নওরংপুর এবং লখনৌলা গ্রামের কৃষকদের কাছ থেকে জলের দরে বিপুল পরিমাণ জমি হাতিয়ে নিয়েছিল বেসরকারি রিয়েল এস্টেট সংস্থাগুলি।


২০০৪ সালের ২৭ আগস্ট হরিয়ানা সরকার সেখানে ‘ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপ’ গড়ার লক্ষ্যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের ‘সেকশন ৪’ বা ৪ নম্বর ধারা প্রয়োগ করে ৯১২ একর জমি অধিগ্রহণের প্রাথমিক বিজ্ঞপ্তি জারি করে। অভিযোগ, সরকারের এই অধিগ্রহণের বিজ্ঞপ্তির ভয় দেখিয়ে চাষিদের একর প্রতি মাত্র ২০ থেকে ২৫ লক্ষ টাকার বিনিময়ে জমি বিক্রি করতে বাধ্য করা হয়, অথচ সেই সময় ওই এলাকার প্রকৃত বাজারদর ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি। এরপর বেসরকারি বিল্ডাররা জমির একটি বড় অংশ নামমাত্র দামে নিজেদের হাতে নিয়ে নিলে, সরকারি জমি অধিগ্রহণের প্রক্রিয়াটি সুকৌশলে বাতিল হতে দেওয়া হয়।

২০০৭ সালের ২৪ আগস্ট জমি অধিগ্রহণ থেকে মুক্তির একটি নয়া নির্দেশিকা জারি হয়। সিবিআইয়ের দাবি, এর ফলে আসল কৃষকদের বদলে বিপুল আর্থিক মুনাফা লোটে বেসরকারি বিল্ডাররা। এমনকি যে সমস্ত বিল্ডারদের লাইসেন্স বা জমির চরিত্র বদলের (CLU বা change-of-land-use) যোগ্যতা ছিল না, বেআইনিভাবে তাদেরও তা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

হুডা থেকে রূপ বনসল

এই মামলার শিকড় অনেক গভীরে। সিবিআই ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলায় প্রথম চার্জশিট পেশ করেছিল, যেখানে হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda) এবং আরও ৩৪ জনকে অভিযুক্ত করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের ২ জানুয়ারি সিবিআইয়ের বিশেষ আদালত বেশ কয়েকজন অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করে।

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডার ক্ষেত্রে মামলার বিচারপ্রক্রিয়া আটকে রয়েছে। গত ২০২৫ সালের ১৭ নভেম্বর সুপ্রিম কোর্ট হুডার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ (stay order) দেওয়ায় নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করতে পারেনি। অন্যান্যদের ক্ষেত্রে বিচারপ্রক্রিয়া শুরু হলেও এবার নতুন করে চারটি অতিরিক্ত চার্জশিট পেশ হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে এবং এম৩এম-এর মতো হাই-প্রোফাইল সংস্থার নাম সামনে এসেছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে এম৩এম

মানেসারের জমি দুর্নীতিই নয়, গত কয়েক মাসে এম৩এম গ্রুপ একাধিক বিতর্কে জড়িয়েছে। গত মাসেই গুরুগ্রামের চৌমা গ্রামে জমি বিনিময়ের ক্ষেত্রে প্রায় ৪৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগে এম৩এম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং রূপ কুমার বনসল-সহ এর অন্যান্য প্রোমোটারদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। এছাড়াও সম্প্রতি গুরুগ্রামের ‘ট্রাম্প টাওয়ারস’-এর এক বাসিন্দা অভিযোগ করেন যে, ভবনের ম্যানেজমেন্ট তাঁকে এবং তাঁর পরিবারকে কার্যত ‘গৃহবন্দি’ (house arrest) করে রেখেছিল। যদিও এম৩এম এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানিয়েছে, ভবনের অন্দরের কাজ এবং নিরাপত্তার স্বার্থেই কেবল লিফটের ব্যবহারে কিছু নিয়ম চালু করা হয়েছিল।