হায়দরাবাদে কেবিন ক্রু-কে ধর্ষণের অভিযোগ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তজার্তিক বিমানবন্দরে ডিউটিতে যাওয়ার সময়ে একজন কেবিন ক্রু-কে ধর্ষণের অভিযোগ উঠল এক ক্যাবচালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ ২৩ বছর বয়সি অভিযুক্ত ক্যাবচালককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রের খবর, ৩৭ বছর বয়সি ওই মহিলা একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত। গত ২০ জুলাই দুপুর প্রায় ২টো ৪০ মিনিট নাগাদ ওই নির্যাতিতা মহিলা একটি ক্যাব বুক করেন। এরপর তিনি ওই ক্যাবে করে শামশাবাদ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। অভিযোগ, ওই ক্যাব চালক নির্ধারিত রাস্তা দিয়ে না গিয়ে বিমানবন্দরের কাছে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের পাশে নির্জন এলাকায় নিয়ে যায়।
পুলিশ সূত্রের খবর, সেখানে পৌঁছনোর পর অভিযুক্ত প্রথমে জানায়, তার দরকারে সে গাড়ি থেকে নামছে। কয়েক মিনিট পর সে ফিরে এসে গাড়ির পিছনের দরজা খুলে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই মহিলা নিজেকে বাঁচাতে চিৎকার করতে শুরু করেন। একসময় সে অভিযুক্তকে ধাক্কা দিয়ে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। এরপর সেখান থেকে দৌড়ে সোজা তিনি নির্মীয়মাণ বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা একজন শ্রমিকের কাছে যান।
সূত্রের খবর, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত ক্যাব নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর নির্যাতিতা দ্রুত রাজীব গান্ধী আন্তজার্তিক বিমানবন্দর পুলিশ আউটপোস্টে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ ২১ জুলাই তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার বাসিন্দা অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের সমস্ত অপরাধ স্বীকার করে বলে জানা গিয়েছে। অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষার পর তাকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ক্যাবটি একটি স্থানীয় পরিবহণ সংস্থা পরিচালনা করত। সেই সংস্থার ক্যাবের সাহায্যেই বিমান সংস্থার কর্মীদের বিমানবন্দরে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল।