রাজস্থানে দৌসার কাছে বাসে আগুন, মৃত ৭, আহত কমপক্ষে ২২

Image: IANS

রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রায় আড়াইটে নাগাদ একটি দূরপাল্লার যাত্রীবোঝাই এসি স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার পরই বাস ও ট্রেলার দু’টিতেই আগুন ধরে যায়। ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ট্রেলারের সঙ্গে ধাক্কা মারে।এসি স্লিপার কোচ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আপার বার্থে থাকা পাঁচ জন যাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে। আরও দুই জনের মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। অনেককে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও আগুনের তীব্রতায় কয়েক জন বাসের ভিতরেই আটকে পড়েন।


খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, বাসটি উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দওরের উদ্দেশে যাচ্ছিল। দৌসার কাছে এসে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি বাসের পিছনের অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট রাখা ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে তাঁদের অনুমান। তবে এই দাবির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।