বারাণসী বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলল গুলি, জখম শিশু-সহ চার

Lal Bahadur Shastri Airport Photo-SNS

প্রত্যেকদিনের মতোই ব্যস্ত বিমানবন্দরে মানুষের ভিড় ছিল। তার মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা গেল। আর তা শুনে যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে দৌড়াতে লাগলেন দিগভ্রান্ত হয়ে। রবিবার সকালে বারাণসী বিমানবন্দরে এই আচমকা গুলি চলার ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। নিরাপত্তা চেকিংয়ের সময় এক যাত্রীর বন্দুক থেকে অসাবধানে গুলি বেরিয়ে যায় বলে সূত্রের খবর। এই ঘটনায় এক মহিলা ও এক শিশু-সহ মোট চারজন জখম হয়েছেন। আহতদের মধ্যে বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মীও আছেন বলে জানা গিয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই পরিস্থিতিতে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিকিউরিটি চেকিংয়ের সময়ে এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকেই অসাবধানতায় এই গুলি চলে। বিমানবন্দর চত্বরে এই ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, রবিবার উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা কমলেশ রাই স্ত্রীকে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে করে মুম্বাই যাচ্ছিলেন। তাঁর কাছে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। উড়ানে ওঠার আগে সিকিউরিটি চেকিংয়ের সময় বিমানবন্দরের কর্মীদের তিনি সঙ্গে থাকা পিস্তলের কথা জানিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের কর্মীরা তাঁর পিস্তল এবং গুলি পরীক্ষা করছিলেন। তখনই অসাবধানতায় বন্দুক থেকে গুলি চলে।

আচমকাই ওই বন্দুক থেকে এক রাউন্ড গুলি বেরিয়ে গেলে গুলিতে প্রথমে বিমানবন্দরের এক মহিলা নিরাপত্তাকর্মীর আঘাত লাগে। তারপর অন্য এক পুরুষ কর্মীর হাতেও গুলি এসে লাগে। একইসঙ্গে এক মহিলা যাত্রী এবং এক শিশুও জখম হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আপাতত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু ঘটনার পর দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। বিমানবন্দরে শুরু হয় জোরদার তদন্ত। কেমন করে নিরাপত্তা চেকিংয়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটল সেটা খতিয়ে দেখা হচ্ছে।


তাছাড়া জখম দুই নিরাপত্তা কর্মীকে দ্রুত স্থানীয় নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। বিমানবন্দরে পৌঁছন গোমতী জোনের ডিসিপি এবং পিন্দ্রার এসিপি-সহ উচ্চপদস্থ পুলিশ অফিসাররা। তবে পরীক্ষার সময় কেমন করে গুলি চলল সেটা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পুলিশকে সব জানানো হয়েছে। গোটা ঘটনার যথাযথ তদন্ত হবে। এই ঘটনার জেরে নির্ধারিত সময়ের থেকে ১৪ মিনিট দেরিতে বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। যাত্রীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও, ভিড়ে ঠাসা বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ের সময় কেমন করে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল সেটাই এখন সকলকে ভাবাচ্ছে।