উত্তর প্রদেশে বিধানসভা ভোটের প্রস্তুতিতে পর্যালোচনা বৈঠক মায়াবতীর

২০২৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজনৈতিক রণকৌশল সাজাতে শুরু করেছেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। রবিবার এ বিষয়ে দলের উত্তর প্রদেশ রাজ্য কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিএসপি-র সর্ব ভারতীয় সভাপতি মায়াবতী। তিনি আসন্ন বিধানসভা ভোটকে লক্ষ্য করে বুথ স্তরের নেতা কর্মীদের সক্রিয় করতে দলের রাজ্য নেতাদের নির্দেশ দেন।

লখনৌয়ের মল এভিনিউয়ে বিএসপি-র রাজ্য দপ্তরে দলের পর্যালোচনা এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পর মায়াবতী বলেন, নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে দেশজুড়ে আমাদের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে, তা আরও দক্ষ এবং সতর্কভাবে খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, বিএসপি-র উদ্দেশ্য ছিল, একটি ‘জনমুখী সরকার’ গঠন করা। এদিনের এই বৈঠকে দলের বুথ স্তরের কর্মী থেকে শুরু করে বিধানসভা, জেলা এবং রাজ্য স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা আগামীতে দলের সাংগঠনিক সুদৃঢ়করণ, সামাজিক সংযোগ বৃদ্ধি, আর্থিক সহায়তা সংক্রান্ত অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করেন।


মায়াবতী তাঁর গত কর্মী বৈঠকে দেওয়া নির্দেশ সমূহ বাস্তবায়নের রিপোর্টে সন্তোষ প্রকাশ করলেও দলীয় নেতৃত্বদের আত্মতুষ্টির বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলে দিচ্ছে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি সম্পূর্ণ প্রতারণার রাজনীতি করছে।