গোটা বিশ্বের এখন নজর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সন্মেলনের দিকে। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একই ফ্রেমে দেখা গিয়েছে। তিন রাষ্ট্রনেতার খোশমেজাজের ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এরই মধ্যে রবিবার নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সন্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের আলোচনা। প্রযুক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নকে সামনে রেখে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।
ভারতের সভাপতিত্বে আয়োজিত এই সন্মেলনের দ্বিতীয় দিনে নেতারা ভারতের নির্ধারিত চারটি মূল অগ্রাধিকার স্থিতিশীলতা, নতুন প্রযুক্তির ব্যবহার, পারস্পরিক সহযোগিতা ও পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা করবেন। ভারত মণ্ডপমে আয়োজিত মূল অধিবেশনের বিষয়, ‘স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব অন্তর্ভুতক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ নির্মাণ’।
রবিবার ব্রিকসের নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে কীভাবে সদস্য দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী করা যায় এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত সুযোগ কীভাবে তৈরি করা যায়, সেই নিয়ে আলোচনা হবে। প্রযুক্তির ক্ষেত্রেও ব্রিকস দেশগুলি একসঙ্গে কাজ করতে চায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিষেবা এবং আর্থিক প্রযুক্তির মতো নতুন প্রযুক্তি নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।
বিশ্বের বিভিন্ন সমস্যার মোকাবিলায় অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হওয়ার বিষয়টিও আলোচনায় থাকবে। সরবরাহ ব্যবস্থায় সমস্যা, স্বাস্থ্যসঙ্কট এবং জলবায়ু পরিবর্তনের মতো পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও মতবিনিময় করবেন নেতারা। এছাড়া বাণিজ্য সহজ করা, উন্নয়নমূলক অর্থায়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার নিয়েও আলোচনা হবে। পরিবেশ রক্ষা, সবুজ অর্থনীতি এবং জ্বালানির ব্যবহার বাড়ানর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে শনিবার ব্রিকসের ১১টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ঘোষণা ব্রিকসের আরও শক্তিশালী ও বিস্তৃত ভূমিকার পরিচয় দিয়েছে। তিনি সদস্য দেশগুলির নেতাদের ঘোষণাটি গ্রহণের জন্য ধন্যবাদ জানান। বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলি হল, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত সৌদি আমিরশাহি। এছাড়া ১০টি দেশ ব্রিকসের অংশীদার হিসেবে রয়েছে।
আরও পড়ুন: ৭ বছর পরে ভারতে জিনপিং, ব্রিকস সন্মেলনকে ঘিরে নিরাপত্তায় মোড়া রাজধানী
বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা ও বৈশ্বিক অর্থনীতির একটি বড় অংশ ব্রিকস দেশগুলির সঙ্গে যুক্ত। রবিবারের বৈঠকের মধ্য দিয়ে দুই দিনের ১৮তম ব্রিকস সন্মেলনের সমাপ্তি হবে।