টাটা গোষ্ঠীর অন্দরে ক্ষমতার লড়াই আদালত পর্যন্ত গড়ালেও প্রাথমিক পর্বে বড়সড় ধাক্কা খেল নোয়েল টাটার নেতৃত্বাধীন ‘টাটা ট্রাস্টস’ (Tata Trusts)। টাটা সন্সের (Tata Sons) এগজিকিউটিভ চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের (N Chandrasekaran) তৃতীয় মেয়াদে পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে এবং আগামী ৩০ নভেম্বর নির্ধারিত বোর্ড বৈঠক স্থগিত রাখার আর্জি জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ট্রাস্টগুলি। কিন্তু শুক্রবার সেই আবেদনে কোনও জরুরি অন্তর্বর্তী স্বস্তি দিতে অস্বীকার করল আদালত। বিচারপতি অভয় আহুজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী সোমবার পূর্বনির্ধারিত সূচি মেনেই টাটা সন্সের পরিচালন পর্ষদের বৈঠক হবে। তবে সেই বৈঠকের সিদ্ধান্তগুলি এই মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকবে বলে শর্ত আরোপ করেছে হাইকোর্ট।
২১ জানুয়ারি পরবর্তী শুনানি
স্যার দোরাবজি টাটা ট্রাস্ট (SDTT) এবং রতন টাটা ট্রাস্টের (RDTT) দায়ের করা মামলায় এ দিন টাটা সন্স এবং অন্যান্য বিবাদী পক্ষকে নিজেদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য সময় দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২১ জানুয়ারি। এর আগে বিচারপতি ডক্টর কোনও কারণ না দেখিয়েই এই মামলা থেকে সরে দাঁড়ানোয় বিষয়টি বিচারপতি অভয় আহুজার বিকল্প বেঞ্চে ওঠে।
মামলায় টাটা সন্সের পরিচালন পর্ষদের গত ১৭ সেপ্টেম্বরের প্রস্তাবকে ‘অবৈধ, বেআইনি এবং অকার্যকর’ ঘোষণা করার আবেদন জানানোর পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছে দু’টি ট্রাস্ট। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ৫০ কোটি টাকা এবং রতন টাটা ট্রাস্ট ১৫ কোটি টাকা, অর্থাৎ মোট ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং তার ওপর বার্ষিক ১৮ শতাংশ হারে সুদ দাবি করেছে। প্রসঙ্গত, টাটা সন্সে প্রায় ৬৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে নোয়েল টাটার নেতৃত্বাধীন টাটা ট্রাস্টসের।
সংঘাতের কেন্দ্রে ‘কাস্টিং ভোট’
এই আইনি লড়াইয়ের সূত্রপাত গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড বৈঠককে ঘিরে, যেখানে চন্দ্রশেখরনের কার্যকাল আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব ৪-১ ভোটে পাশ হয়। ওই বৈঠকে ভেনু শ্রীনিবাসন, হরিশ মনওয়ানি, অনিতা এম জর্জ এবং সৌরভ আগরওয়াল পুনর্নিয়োগের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। ট্রাস্ট-মনোনীত দুই ডিরেক্টর নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন বিপরীত অবস্থান নেওয়ায় অচলাবস্থা কাটাতে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিশ মনওয়ানি নিজের ‘কাস্টিং ভোট’ (casting vote) প্রয়োগ করে প্রস্তাবটি পাশ করান।
টাটা ট্রাস্টসের অভিযোগ, এই পদক্ষেপ টাটা সন্সের ‘আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন’-এর (AoA) ১০৪বি (104B) এবং ১২১ নম্বর ধারার সরাসরি লঙ্ঘন। তাদের যুক্তি, বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ট্রাস্ট-মনোনীত ডিরেক্টরদের সংখ্যাগরিষ্ঠের ‘অ্যাফারমেটিভ ভোট’ বা সম্মতি বাধ্যতামূলক। যে হেতু বর্তমানে মাত্র দু’জন ট্রাস্ট-মনোনীত ডিরেক্টর রয়েছেন, তাই দু’জনের মধ্যে ‘সংখ্যাগরিষ্ঠতা’ বলতে দু’জনেরই সম্মতিকে বোঝায়, এক জনের নয় এবং চেয়ারম্যানের কাস্টিং ভোট দিয়ে এই বিশেষ অধিকারকে খর্ব করা যায় না। ৩০ নভেম্বরের বৈঠকে যাতে ফের কাস্টিং ভোট প্রয়োগ না করা হয় এবং ১৭ সেপ্টেম্বরের কার্যবিবরণীতে (minutes) সিলমোহর না পড়ে, সেই মর্মেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়েছিল ট্রাস্টগুলি।
আদালতে সিঙ্ঘভি বনাম সালভে
শুক্রবার বম্বে হাইকোর্টে দুই পক্ষের হয়ে সওয়াল-জবাবে মুখোমুখি হন দেশের দুই শীর্ষ আইনজীবী। স্যার দোরাবজি টাটা ট্রাস্টের হয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন যে, এই বিশেষ ভোটাধিকার হঠাৎ তৈরি হয়নি। দশকের পর দশক, প্রায় এক শতাব্দী ধরে চলে আসছে। তাঁর মন্তব্য, আজ বিষয়টি নোয়েল টাটাকে নিয়ে, কাল অন্য কেউ হতে পারেন। লড়াইটা কোনও ব্যক্তির নয়, বরং ১০৪বি এবং ১২১ নম্বর ধারা মেনে চলার।’
অন্য দিকে, টাটা সন্সের হয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের তীব্র বিরোধিতা করেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। তাঁর পাল্টা যুক্তি, ট্রাস্টের দু’জন মনোনীত ডিরেক্টরের মধ্যে মতপার্থক্য হলেই যদি সিদ্ধান্ত আটকে যায়, তবে সংস্থার স্বাভাবিক কাজকর্মই স্তব্ধ হয়ে যাবে। এক জন ডিরেক্টরের আপত্তি কেন অন্য জনের সমর্থনের চেয়ে বেশি গুরুত্ব পাবে, সেই প্রশ্ন তুলে সালভে দাবি করেন যে, অচলাবস্থা কাটিয়ে সংস্থাকে সচল রাখতেই কাস্টিং ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।
একই সঙ্গে আদালতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াক (RBI) কঠোর সময়সীমার কথাও তুলে ধরেন সালভে। তিনি জানান, টাটা সন্স-কে শেয়ার বাজারে তালিকাভুক্ত (listing) করার পরিকল্পনা জানতে চেয়ে চিঠি দিয়েছে আরবিআই এবং আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তার জবাব জমা দিতে হবে। সেই নিয়ামক নির্দেশিকা নিয়ে আলোচনার জন্য ৩০ নভেম্বরের বোর্ড বৈঠক অত্যন্ত জরুরি। এখন বৈঠকে স্থগিতাদেশ দিলে আরবিআই-কে জবাব দেওয়ার প্রক্রিয়া বড়সড় ধাক্কা খাবে। উল্লেখ্য, আরবিআই-এর নির্দেশ মেনে টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্তির পক্ষে বোর্ড সহমত হলেও টাটা ট্রাস্টস বরাবরই এর বিরোধিতা করে আসছে।
ট্রাস্টের অন্দরেও বিভাজনের ছায়া
কেবল টাটা ট্রাস্টস বনাম টাটা সন্স নয়, এই মামলাকে ঘিরে খোদ ট্রাস্টের অন্দরের মতবিরোধও প্রকাশ্যে চলে এসেছে। মামলার সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্র চ্যারিটি কমিশনারের (Maharashtra Charity Commissioner) দ্বারস্থ হয়েছেন টাটা ট্রাস্টসের দুই ভাইস-চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসন এবং বিজয় সিংহ। তাঁদের অভিযোগ, দু’জনের আপত্তি অগ্রাহ্য করেই আদালতে যাওয়ার প্রস্তাব পাশ করানো হয়েছে। দাতব্য সংস্থার তহবিল আইনি লড়াইয়ে ব্যবহার করা এবং আরবিআই-এর তালিকাভুক্তির নির্দেশিকার সঙ্গে এই মামলার সম্ভাব্য সংঘাত নিয়েও চ্যারিটি কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। সব মিলিয়ে, বম্বে হাইকোর্টের শুক্রবারের নির্দেশে ৩০ নভেম্বরের বৈঠকের জট কাটলেও, নতুন বছরে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের এই লড়াই যে আরও দীর্ঘ ও জটিল হতে চলেছে, তা স্পষ্ট।