নির্বাচনী ব্যয়ে বাংলাই বিজেপির খরচ ২৮৭ কোটি, পাঁচ রাজ্যে মোট কত?

BJP Election Cost Photo-SNS

২০২৬ সালে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ করেছে বিজেপি। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের ব্যয়ের হিসাব থেকে দেখা যাচ্ছে, এই বিপুল খরচের অর্ধেকেরও বেশি হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলার ভোটে বিজেপির কেন্দ্রীয় দপ্তর থেকে খরচ হয়েছে ২৮৬.৯৯ কোটি টাকা। অর্থাৎ পাঁচ রাজ্যে দলের মোট নির্বাচনী খরচের প্রায় ৫৪ শতাংশই ব্যয় হয়েছে বাংলায়।

বাংলায় বিজেপির ২৮৬.৯৯ কোটি টাকা ব্যয়ের মধ্যে ২১৭.১৬ কোটি টাকা গিয়েছে সাধারণ দলীয় প্রচারে। প্রার্থী-সংক্রান্ত খাতে খরচ হয়েছে আরও ৬৯.৮৩ কোটি টাকা। এর মধ্যে ৫৮.৮০ কোটি টাকা সরাসরি প্রার্থীদের দেওয়া হয়েছিল। প্রচার, সভা-সমাবেশ, বিজ্ঞাপন, যাতায়াত এবং প্রচারসামগ্রী-সহ বিভিন্ন খাতে এই অর্থ খরচ হয়েছে।

রাজ্যভিত্তিক হিসাবেও বাংলার সঙ্গে অন্য রাজ্যের ব্যবধান স্পষ্ট। আসামে বিজেপির খরচ হয়েছে ৯৬.২৬ কোটি টাকা। কেরলে ৮২.৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং পুদুচেরিতে ১১.৮৯ কোটি টাকা। পাঁচ রাজ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ খরচ আসামে।


শুধু খরচ নয়, নির্বাচনী পর্বে দলের কাছে আসা অর্থের অঙ্কও নজর কেড়েছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, ভোটের সময় বিজেপির কাছে প্রায় ১,৪৯৪ কোটি টাকা এসেছে। নির্বাচনী পর্ব শেষে ব্যাঙ্কে থাকা টাকা এবং হাতে থাকা নগদ মিলিয়ে দলের ক্লোজিং ব্যালান্স দাঁড়িয়েছে ৭,৬৮৯.০৬ কোটি টাকা।

নির্বাচনে প্রার্থীদের খরচের নির্দিষ্ট সীমা থাকলেও রাজনৈতিক দলের মোট নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এমন নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। ভোটের পরে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে প্রচার, যাতায়াত, সভা, বিজ্ঞাপন-সহ বিভিন্ন খাতে করা খরচের বিস্তারিত হিসাব জমা দিতে হয়।

আরও একটি তুলনাও সামনে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে কংগ্রেসের মোট ঘোষিত খরচ ২৪৮.৫৫ কোটি টাকা। অর্থাৎ শুধু বাংলার ভোটেই বিজেপির খরচ সেই অঙ্কের চেয়ে বেশি।