আজ মোদীর বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা তীর্থে আজ সন্ধ্যায় বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে রাজ্যসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধান পরিষদ নির্বাচন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

নির্বাচন কমিশনের ঘোষণা মতে, ১০টি রাজ্যের মোট ২৪টি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুন। বর্তমানে সদস্যদের অবসর গ্রহণের কারণে এই আসনগুলি শূন্য হয়েছে। রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন।


এই নির্বাচনের আওতায় থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় ও মিজোরামের কয়েকটি আসন। কর্ণাটক, বিহার এবং মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের দিয়ে আলোচনা করতে পারে বিজেপি, এমনটাই খবর।

মহারাষ্ট্র বিধান পরিষদের ১৬টি আসনের জন্য দ্বিবার্ষিক নির্বাচন ১৮ জুন হওয়ার কথা। কর্ণাটকে বর্তমান সদস্যদের মেয়াদ শেষ হওয়ায় সাতটি এমএলসি আসনে নির্বাচন হবে। অন্যদিকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগের ফলে একটি বিধান পরিষদ আসন শূন্য হয়েছে।

দলীয় সূত্রে খবর, বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল স্তরে কর্মী ও সমর্থকদের সক্রিয় করা এবং গত ১২ বছরে মোদী সরকারের বিভিন্ন সাফল্য ও গুরুত্বপূর্ণ অর্জন সাধারণ মানুষের কাছে তুলে ধরার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।