নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিজেপি-সিজেপি সংঘাত তীব্র

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে আমেরিকা থেকে ফিরে এসেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে বড়সড় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন অভিজিৎ দীপকে। এবার সেই নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ল। শনিবার বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এই আন্দোলনের কড়া সমালোচনা করলেন।

শনিবার রাঁচিতে ‘ইন্টেলেকচুয়ালস মিট’-এ বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন পরোক্ষভাবে এই আন্দোলনের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘কিছু মানুষ বিদেশে বসে মনে করছেন যে তাঁরা ভারতের যুবসমাজকে চালনা করতে পারবে। কিন্তু দেশের যুবক-যুবতীরা কারও হাতের পুতুল নন।’

নিতিন নবীনের স্পষ্ট বক্তব্য, দেশের গণতন্ত্রকে দুর্বল করার কোনও প্রচেষ্টা বিজেপি মেনে নেবে না। তাঁর কথায়, ‘যাঁরা দেশের যুবসমাজকে নেতিবাচক রাজনীতির দিকে নিয়ে যেতে চান, তাঁদের সতর্ক করছি। ভারতের যুবসমাজ ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা গণতান্ত্রিক উপায়ে বিরোধিতা করব। কিন্তু গণতন্ত্রের কোনও ক্ষতি হতে দেব না।’


রাজনৈতিক মহলের মতে, বিজেপির জাতীয় সভাপতি এই মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক আন্দোলনকে লক্ষ্য করে। কারণ, তাঁর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই দিল্লির জন্তর মন্তরের বিক্ষোভসভা থেকে অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছিলেন।

প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের উপস্থিতিতে হওয়া ওই বিক্ষোভে দীপকে ঘোষণা করেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সিজেপি সারা দেশে আন্দোলন শুরু করবে। তিনি বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেও মন্ত্রী বা কেন্দ্র সরকার এ বিষয়ে কোনও সরাসরি প্রতিক্রিয়া দেয়নি।

সেদিনের বিক্ষোভ শেষ হওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে অভিজিৎ দীপকে বলেন, ‘আজকের আন্দোলন শুধু ট্রেলার। আসল লড়াই এখনও বাকি।’ তাঁর এই মন্তব্যের পর আগামী দিনে আন্দোলন ঘিরে রাজনৈতিক আলোচনা আরও জোরদার হয়েছে।