লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারের বিরুদ্ধ ষড়যন্ত্র করছেন, অভিযোগ তুলল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ একাধিক বিজেপি নেতার অভিযোগ, রাহুল গান্ধী বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন। কিন্তু তাঁর সেই গোপন চক্রান্তের পরিকল্পনাও ফাঁস হয়ে গিয়েছে।
সূত্রের খবর, গত সপ্তাহে কংগ্রেসের সংখ্যালঘু উপদেষ্টা কমিটির এক বৈঠকে রাহুল গান্ধী নাকি জানান, আগামী এক বছরের মধ্যে মোদী সরকারের পতন হবে। দেশজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষই দেশে রাজনৈতিক পালা বদলের পথ তৈরি করবে। রাহুলের ওই মন্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এক্স পোস্টে গোয়েল লেখেন, ‘রাহুল গান্ধীর এই বক্তব্য বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত। এটা কোনও সাধারণ মন্তব্য নয়। বিরোধী দলনেতার এই মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, দেশে অস্থিরতা তৈরির পরিকল্পনা চলছে।’
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী এক্সপোস্টে আরও লিখেছেন, ‘রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা বুঝে গিয়েছেন যে, দেশবাসীর হৃদয় থেকে নরেন্দ্র মোদীকে সরানো সম্ভব নয়। তাঁরা বুঝতে পেরেছেন, গণতান্ত্রিক লড়াইয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। সে কারণেই তাঁরা দেশে হিংসা ছড়ানোর পরিকল্পনা করছেন।’ গোয়েলের অভিযোগ, কংগ্রেস দেশের গরিমা ক্ষুণ্ণ করছে এবং সংবিধানকে অসম্মান করছে। গোয়েলের সাফ কথা, ‘কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দেশকে অশান্ত করার যড়ষন্ত্র চালাচ্ছে। কিন্তু দেশবাসী তাদের এই অপচেষ্টাকে মেনে নেবে না। কংগ্রেসের এই চক্রান্ত ব্যর্থ করবেন সাধারণ মানুষ।’
রাহুল গান্ধীর এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘হিংসা ছড়িয়ে এবং বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে মোদী সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বোঝা যাচ্ছে, রাহুল কিছু বিদেশি সংস্থার পরামর্শ মেনেই এ ধরনের কাজ করছেন। যার লক্ষ্য দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। দেশে গণতন্ত্রের বাতাবরণ ধ্বংস করা। তবে কংগ্রেস নেতার এই অপচেষ্টা সফল হবে না। কারণ মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন।’