বাংলাদেশে আটক স্বামীকে দ্রুত ভারতে ফিরিয়ে আনার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক সোনালি বিবি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করা হয়। তাঁর হয়ে আবেদন পেশ করেন আইনজীবী সঞ্জয় হেগড়ে।
শুনানির সময় প্রধান বিচারপতি প্রথমেই জানতে চান, সোনালি বিবি বর্তমানে নিরাপদে আছেন কি না। তাঁর আইনজীবী জানান, তিনি নিরাপদে থাকলেও তাঁর স্বামী-সহ আরও কয়েকজন ভারতীয় নাগরিক এখনও বাংলাদেশে আটকে রয়েছেন। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে বাংলাদেশের পরিস্থিতি এখন আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। তিনি জানতে চান, আটক ব্যক্তিরা ভবিষ্যতে কোন দেশে থাকতে চান।
জবাবে সঞ্জয় হেগড়ে স্পষ্টভাবে বলেন, তাঁরা সবাই ভারতীয় নাগরিক এবং ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চান। প্রয়োজনে প্রশাসনের নির্ধারিত কোনও এলাকায় বসবাস করতে এবং নিয়মিত হাজিরা দিতেও তাঁরা প্রস্তুত বলে আদালতকে আশ্বাস দেওয়া হয়।
এর পর প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের নিজের দেশে থাকার অধিকার রয়েছে। এজলাসে উপস্থিত রাজ্য সরকারের প্রতিনিধি প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং রাজ্য প্রশাসনের ব্যস্ততার মাঝেও তাঁর আদালতে উপস্থিত হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
তবে এদিন কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট হয়নি। সলিসিটর জেনারেল তুষার মেহতা অন্য একটি বেঞ্চে ব্যস্ত থাকায় তিনি শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। হোলির ছুটির পর মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে।