১৭ বছর জেলে থাকার যুক্তিতে সুপ্রিম কোর্টে জামিন পেল দুই অপরাধী, আতঙ্কে পরিবার নিয়ে গুজরাত ছাড়লেন বিলকিস বানো

Bilkis Bano (ANI)

২০০২ সালের গুজরাত দাঙ্গায় (2002 Gujarat riots) গণধর্ষণের শিকার বিলকিস বানোর (Bilkis Bano) জীবনে ফের অনিশ্চয়তা। সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর দুই ধর্ষকের জামিন মঞ্জুর করার কয়েক দিনের মাথাতেই পরিবার-সহ গুজরাত (Gujarat) ছাড়লেন তিনি। মঙ্গলবার বিলকিসের এক আত্মীয় সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিলকিসের গুজরাত ত্যাগ

বিলকিসের কাকা আবদুল রাজ্জাক মনসুরি (Abdul Razaq Mansuri) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই গত ২ বা ৩ নভেম্বর নাগাদ সপরিবারে গুজরাত ছেড়েছেন বিলকিস। তবে নিরাপত্তার স্বার্থে তাঁরা এখন কোথায় গিয়েছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে তিনি কোনও তথ্য দিতে অস্বীকার করেন।


মনসুরি জানান, বিলকিস দীর্ঘ দিন দাহোদ (Dahod) জেলার দেবগড় বারিয়া (Devgadh Baria) শহরের কাপড়ি বিস্তার এলাকায় থাকতেন। প্রায় দেড় বছর আগে তিনি গুজরাতেরই অন্য একটি জায়গায় চলে যান এবং এ বার পুরোপুরি রাজ্যই ছাড়লেন।

দুই ধর্ষকের মুক্তি

গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ (MM Sundresh) এবং বিচারপতি পি বি বরালের (PB Varale) বেঞ্চ ওই গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে দু’জনের সাজা স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করে। শীর্ষ আদালত জানায়, ওই দুই অপরাধী ইতিমধ্যেই দীর্ঘ ১৭ বছর জেলে কাটিয়েছে, সেই যুক্তিতেই তাদের জামিন দেওয়া হচ্ছে।

জামিন পাওয়া ওই দুই অপরাধীর নাম বিপিনচন্দ্র কানাইয়ালাল যোশী (Bipinchandra Kanaiyalal Joshi) ওরফে লালা ডাক্তার এবং প্রদীপ রমণলাল মোঢ়িয়া (Pradip Ramanlal Modhiya)। শীর্ষ আদালতের নির্দেশের পর গত ১ নভেম্বর তারা যথাক্রমে গোধরা (Godhra) এবং দাহোদ জেল থেকে মুক্তি পেয়েছে বলে জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই ১১ জন অপরাধীর আগাম মুক্তির সিদ্ধান্ত এর আগে খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু দু’বছরের মাথাতেই ফের দুই ধর্ষক আইনি পথে জেল থেকে বেরিয়ে আসায় নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছে বিলকিস বানোর পরিবার।