বাড়ির ছাড়ার দিনই নিরাপত্তায় বদল, লালু-রাবড়িকে ‘জেড’ ক্যাটাগরি বিহার সরকারের

Photo: File Photo

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের সরকার। তাঁদের দু’জনকে এবার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসে তাঁদের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। তখন নিরাপত্তারক্ষী ও সরকারি গাড়ির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়। তা নিয়ে লালুর পরিবারের তীব্র আপত্তিও ছিল।

এর প্রতিবাদে লালুর বড় মেয়ে সাংসদ মিসা ভারতী, ছেলে ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং তাঁর স্ত্রী রাজশ্রী যাদব নিজেদের সরকারি নিরাপত্তাও ফিরিয়ে দেন। শুক্রবার রাবড়ি দেবী পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের সরকারি বাসভবনও খালি করে দেন। সরকারি বাসভবন ছাড়ার পর পাটনার কৌটিল্য নগরের বাড়িতে উঠেছেন লালুর পরিবারের সদস্যরা। প্রায় দুই দশক ধরে লালু পরিবার ওই বাড়িতেই থাকছিল। শুক্রবারই রাজ্য সরকার তাঁদের নিরাপত্তা সংক্রান্ত নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সরকারের নির্দেশ অনুযায়ী, লালু ও রাবড়ি দু’জনেই বুলেটপ্রুফ গাড়ি পাবেন। তাঁদের কনভয়ে প্রায় ২২ জন নিরাপত্তারক্ষী থাকবেন। এর মধ্যে ৪ থেকে ৬ জন সিআরপিএফ কমান্ডো এবং সশস্ত্র এসকর্টও থাকবেন। তবে লালু পরিবারের দাবি, নতুন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এখনও সরকারিভাবে তাঁদের কিছু জানানো হয়নি। নতুন ব্যক্তিগত বাড়িতেও নিরাপত্তাকর্মীরা পৌঁছননি। তাই তাঁরা এই নিরাপত্তা গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি।


আরজেডির অভিযোগ, রাজ্য সরকার নিরাপত্তার বিষয়টি নিয়ে রাজনৈতিক নাটক করছে। দলের দাবি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছিল। সেই সময়ে লালু প্রসাদ ও তাঁর স্ত্রীর সুরক্ষায় বিহার স্পেশাল আর্মড পুলিশের ২-৮ জন হাউস গার্ড, পাটনা পুলিশের দুজন বডিগার্ড, একটি পাইলট গাড়ি ও বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করেছিল নীতীশ কুমার প্রশাসন।

কিন্তু নীতীশ কুমার প্রশাসনের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়ে সরকারি নিরাপত্তা কর্মীদের বাংলো থেকে বের করে দিয়েছিলেন রাবড়ি দেবী। এর পরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লালু-রাবড়ির ছোট ছেলে তেজস্বী যাদব নিজের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের সরকার।