মধ্যপ্রদেশে ঝড়ের দাপটে উল্টে গেল পর্যটক-নৌকা, মৃত ৪, নিখোঁজ বহু

আচমকা ঝড়ের জেরে ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। জবলপুর জেলার বার্গি জলাধারে পর্যটকবাহী একটি নৌকা উল্টে গিয়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু যাত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নৌকাটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। খামারিয়া দ্বীপের কাছে আচমকা ঝড় ও প্রবল হাওয়ার দাপটে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় নদীর জলে প্রবল ঢেউ ওঠায় বহু যাত্রী জলে পড়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের দল। উদ্ধারকাজে নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। প্রতিকূল আবহাওয়া, অন্ধকার এবং বিশাল জলাধারের কারণে উদ্ধারকাজে বাধা তৈরি হলেও ডুবুরিরা লাগাতার তল্লাশি চালাচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আনুমানিক ১৮ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে প্রশাসন। নিখোঁজদের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা আকাশ কালো হয়ে যায়। প্রবল ঝড়ে নৌকাটি দিকভ্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারায়। ঘটনার পর মধ্যপ্রদেশের গণপূর্ত মন্ত্রী রাকেশ সিং দ্রুত উদ্ধার ও ত্রাণের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ জোরদার করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিখোঁজদের খোঁজে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।