সিকিমে তুষারধসের পূর্বাভাস

উত্তর ও পূর্ব সিকিমে অনবরত তুষারপাত হচ্ছে। লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে হাওয়া অফিস এবং ডিআরডিওর ডিফেন্স জিওইনফরমেটিক রিসার্চ এস্টাব্লিশমেন্ট থেকে নতুন সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ তুষারধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে ছাঙ্গু ও নাথু লা সংলগ্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি।

এই সতর্কবার্তার পর সিকিম প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং সেনাবাহিনীও তৎপর রয়েছে। কয়েক দিন ধরে লাগাতার তুষারপাতের ফলে পাহাড়ি অঞ্চল বরফে ঢেকে গিয়েছে, ফলে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বহু পর্যটক বর্তমানে সিকিমে অবস্থান করছেন, তাই সরকার নির্দেশ দিয়েছে—যেখানে রয়েছেন, সেখানেই থাকতে হবে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে।

এদিকে, উমথাং থেকে জিরো পয়েন্টের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। চুংথাং থেকে লাচুং ও মঙ্গনের কিছু রাস্তা খোলা থাকলেও বড় যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উঁচু এলাকায় তুষারপাত অব্যাহত থাকবে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।