অন্ধ্রপ্রদেশের পর এ বার মহারাষ্ট্রের নাগপুরে বারুদ কারখানায় বিস্ফোরণ হয়। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। দুর্ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
অন্য দিকে, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। ফড়নবিশ বলেন, ‘নাগপুরের এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্থানীয় প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
নাগপুরের কাছে কাটোলের রাউলগাঁওয়ের একটি কারখানায় ঘটনাটি ঘটে। এসবিএল এনার্জি লিমিটেড নামের এই সংস্থা শিল্পের কাজে খনিতে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করত। রবিবার সকালেও কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা। তখনই সকাল ৬টা থেকে ৭টা নাগাদ ডেটোনেটর তৈরির প্রক্রিয়া চলাকালীন শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে বিস্ফোরণের ফলে কারখানার ছাদ উড়ে যায়। শ্রমিকদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। কোথাও আবার দেহাংশও পড়ে ছিল। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, দমকল। পরে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। ওই কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ ওই কারখানায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ২০ শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।