ঝাড়খণ্ডে গ্রেপ্তার মাওবাদীর শীর্ষ নেতা মিসির বেসরা, ধৃত আরও ২

Image: IANS

ঝাড়খণ্ড বড় সাফল্য পেল পুলিশ। নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গিরিডি ও ধানবাদ জেলার সীমানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সেই আরও তাঁর দুই সহযোগী মোচু ও সৌরভকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তীশগড় মাওবাদী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন বেসরা। বহু বছর ধরে তিনি পুলিশের চোখ এড়িয়ে আত্মগোপন করে ছিলেন। তাঁকে ধরতে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছিল রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।

তদন্তকারী সূত্রের খবর, বেসরার বিরুদ্ধে খুন, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, তোলাবাজি, আইইডি বিস্ফোরণ-সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। তাঁর গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মিলিয়ে মোট ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।


Image: Mishir Besra

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদেরর কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্যদের মধ্যে বেসরাই ছিলেন শেষ গুরুত্বপূর্ণ নেতা। কোলহান, সারান্ডা এবং পরেশনাথ এলাকায় সংগঠনের কার্যকলাপ পরিচালনার পাশাপাশি সাংগঠনিক কৌশন নির্ধারণ এবং বিভিন্ন রাজ্যে মাওবাদী নেটওয়ার্ক সক্রিয় রাখার দায়িত্বও তাঁর উপর ছিল।

তবে গত কয়েক বছরে একাধিক শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়া বা আত্মসমর্পণ করায় তাঁর সংগঠন দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করে।

তদন্তকারীদের মতে, বেসরার গ্রেপ্তার পূর্ব ভারত, বিশেষ করে ঝাড়খণ্ড মাওবাদী সংগঠনের জন্য বড় ধাক্কা। তাঁকে জিজ্ঞাসাবদা করে সংগঠনের অন্যান্য নেতা, সদস্য এবং এখনও সক্রিয় থাকা ঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবারই ঝাড়খণ্ড পুলিশের কাছে ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার মোট দাম ছিল ৩৯ লক্ষ টাকা। এর কয়েক ঘণ্টার মধ্যেই মিসির বেসরার গ্রেপ্তারিকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।