মেঘালয়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচিতে এখনও পর্যন্ত অন্তত দেড় লক্ষ ভোটারকে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা একাধিক স্থানে নাম থাকা (ডুপ্লিকেট) হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বি ডি আর তিওয়ারির দফতরের প্রকাশিত সর্বশেষ অগ্রগতি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
নির্বাচন দপ্তর সূত্রের খবর, রাজ্যের মোট ২৩,৪৯,৬৪৫ জন ভোটারের মধ্যে ১,৪৯,৬৫৬ জন, অর্থাৎ প্রায় ৬.৩৭ শতাংশকে ওই চারটি শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৭৪,৮৫১। স্থানান্তরিত হয়েছেন ৩৭,৯১৪ জন। অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৮,৮২৬ জনকে। এ ছাড়া, ৫,৮৯৯টি নাম একাধিক স্থানে নথিভুক্ত থাকায় ‘ডুপ্লিকেট’ হিসেবে শনাক্ত হয়েছে।
রিপোর্টে আরও জানানো হয়েছে, ২,১৬৬ জন ভোটার গণনা ফর্ম জমা দিতে অস্বীকার করেছেন। অন্যদিকে, বিশেষ সংশোধন কর্মসূচির অগ্রগতিও প্রায় শেষ পর্যায়ে। রাজ্য জুড়ে ইতিমধ্যেই ৯৯.৬২ শতাংশ গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। তার মধ্যে ২২,৭৮,০৭১টি ফর্ম, অর্থাৎ মোটের ৯৬.৯৫ শতাংশ ডিজিটাইজ করা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন দপ্তর।
আরও পড়ুন: সীমান্তের কাছে চিনের ১১টি জে-২০ স্টেলথ যুদ্ধবিমান, উদ্বেগ বাড়ছে ভারতের
ভোটার তালিকা হালনাগাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রের দাবি। বিশেষ সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য ও আপত্তি-নিষ্পত্তির কাজও নির্ধারিত নিয়ম মেনেই করা হবে।