হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, নিখোঁজ দুই ভারতীয় নাবিক

Image: SNS

হরমুজ প্রণালীতে(Strait of Hormuz) ফের জাহাজের উপর হামলা। রবিবার ওমানের উপকূলের কাছে প্রণালী পেরোনোর সময় পর পর দু’টি জাহাজ আক্রান্ত হয়। দু’টি জাহাজেই ভারতীয় নাবিকেরা ছিলেন। প্রথম জাহাজটির দুই ভারতীয় নাবিকের এখনও খোঁজ মেলেনি। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। অবিলম্বে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার পাশাপাশি কূটনীতি ও আলোচনার মাধ্য়মে সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ এমটি পেট্রো ডলফিনে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। রবিবার জাহাজটির উপর একটি ড্রোন আছড়ে পড়ে বলে অভিযোগ। তার পর ন’জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু’জনের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশে আবেদন সিজেপির, সোমবার থানায় যাচ্ছেন সিজেপি নেতারা


এর পর ওই একই পথে যাচ্ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ভলথেরা। এই জাহাজেও ১১ জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। দ্বিতীয় জাহাজটি আক্রান্ত হলেও তার সমস্ত নাবিক নিরাপদে রয়েছেন। নিখোঁজ দুই নাবিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওমানের উপকূলরক্ষী বাহিনী।

ঘটনার পর থেকে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

পর পর দু’টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। বাণিজ্যিক জাহাজের উপর এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে অবিলম্বে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার দাবি জানিয়েছে ভারত। একই সঙ্গে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী-সহ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল বজায় রাখার উপর জোর দিয়েছে বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার পাশাপাশি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করার বার্তাও দিয়েছে দিল্লি।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=X7B3EqMp1ZnCb65A” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>