মাংস কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ১৪ মহিলা কর্মী

Image: AI নির্মিত

উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৪ জন মহিলা কর্মী। অসুস্থদের মধ্যে রয়েছে ২ নাবালিকাও। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহারানপুরের এএলএম প্ল্যান্টে মাংস প্যাকিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই কারখানার ভিতর থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকের শ্বাসকষ্ট, মাথা ঘোরা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ২ নাবালিকা-সহ ১৪ জন মহিলা কর্মী জ্ঞান হারিয়ে ফেলেন।

প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন কারখানার অন্য কর্মীরাই। অসুস্থ সহকর্মীদের কারখানা থেকে বাইরে বের করে এনে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা।


এক কর্মী মিসবা জানান, কারখানায় প্রায় ২৫০ জন মহিলা কর্মী প্যাকিংয়ের কাজ করেন। দৈনিক ৩০০ টাকা মজুরিতে তাঁরা কাজ করেন। তাঁর কথায়, ‘কাজ করার সময় হঠাৎ গ্যাসের গন্ধ পাই। কিছুক্ষণের মধ্যেই অনেকের শ্বাস নিতে সমস্যা শুরু হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনে অনেকে মাটিতে পড়ে যান।’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরে গ্যাস লিক বন্ধ করা হয়। কারখানার মালিকানা প্রাক্তন সাংসদ হাজি ফজলুর রহমানের বলে জানা গিয়েছে। কীভাবে এই গ্যাস লিকের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও গ্যাস সংরক্ষণের পদ্ধতিও খতিয়ে দেখা হচ্ছে।