বিহারের গয়ায় কিশোর-কিশোরীকে ঘিরে হেনস্থা, ভিডিও ছড়ানোর অভিযোগ 

File Photo

ফের কিশোর-কিশোরীকে হেনস্থা এবং মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বিহার। জামুই, সমস্তিপুর, বাঁকার পর এবার ঘটনাস্থল গয়া। অভিযোগ, শেরঘাটি থানার মহুয়াজি গ্রামের কাছে পাহাড়ে এক কিশোর-কিশোরীকে দেখতে পেয়ে তাঁদের ঘিরে ধরেন একদল যুবক। প্রথমে তাঁদের শাসানো হয়। তারপর হেনস্থা এবং মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, তাঁদের বাইকের চাবি কেড়ে নিয়ে টায়ার পাংচার করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দু’জনকে সেখানে বসিয়েও রাখা হয়েছিল বলে অভিযোগ। পুরো ঘটনার ভিডিও করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনাটি ঘটে সোমবার। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে করে মহুয়াজির কাছে পাহাড়ে ঘুরতে গিয়েছিল ওই কিশোর-কিশোরী। সেই সময় কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরেন। অভিযোগ, প্রথমে দু’জনকে শাসানো হয়। পরে তাঁদের হেনস্থা এবং মারধর করা হয়। বাইকের চাবি কেড়ে নেওয়ার পাশাপাশি টায়ার পাংচার করে দেওয়া হয়। এরপর দীর্ঘক্ষণ তাঁদের সেখানে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।

গয়ার সিনিয়র পুলিশ সুপার সুশীল কুমার জানিয়েছেন, এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি এফআইআরও দায়ের হয়েছে। বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: উমর-শারজিলের জামিনের আর্জি ফের খারিজ হাইকোর্টে, এই নিয়ে তৃতীয়বার  

জামুইয়ে এক কিশোরীর শ্লীলতাহানি এবং তাঁর বন্ধুকে মারধরের অভিযোগ ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সমস্তিপুর এবং বাঁকাতেও একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে। এবার গয়ার ঘটনায় ফের বিহারে কিশোর-কিশোরীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।