আইআইটি বম্বের ক্যাম্পাসে এক পড়ুয়ার আত্মহত্যা। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস (IIT Bombay) । হস্টেলে ঘরে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরীক্ষার হলে ChatGPT ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই ওই দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। শুক্রবারের এই ঘটনার পরেই মুম্বাইয়ের পাওয়াই ক্যাম্পাসে (IIT Bombay) বিক্ষোভ করেন পড়ুয়াদের একাংশ। ঘটনার জন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে বলে জানায় পড়ুয়ারা। এই নিয়ে গত ৬ মাসে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল ক্যাম্পাসে।
আইআইটি বম্বে (IIT Bombay) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে তাঁরা গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন। সেখানে আরও বলা হয়, ওই ছাত্রকে শুক্রবার পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল। ছাত্রটি প্রশ্নপত্র ChatGPT-কে আপলোড করে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট শিক্ষক এবং বিভাগের প্রধান তাঁর সঙ্গে কথা বলেন ও কাউন্সেলিং করেন। তাঁকে আশ্বস্তও করা হয়েছিল যে এই ঘটনা তাঁর শিক্ষাজীবনে কোনও বিরূপ প্রভাব ফেলবে না। ছাত্রটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইআইটি বম্বে। পরিবার, বন্ধুবান্ধবের পাশে থাকার এবং সবরকম সহযোগিতা আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সুপ্রিম মুক্তির পর হরিদ্বারে মৃত নিঠারি কাণ্ডের অভিযুক্ত সুরেন্দ্র কোলি
ছাত্রটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসের (IIT Bombay) পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রশাসনের কাছে একাধিক প্রশ্নের উত্তর দাবি করেন পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ছাত্রদের সঙ্গ আলোচনা শুরু করে কর্তৃপক্ষ।
ডেপুটি কমিশনার অফ পুলিশ দত্তাত্রয় নালাওয়াড়ে জানান, ঘটনার তদন্ত চলছে। সাংবাদিকদের তিনি বলেন, আইআইটি পাওয়াইয়ে (IIT Bombay) এক ছাত্রের মৃত্যু হয়েছে। এরপর কয়েকজন পড়ুয়া তাঁদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বিক্ষোভকারী ছাত্র প্রণয় জানান, তাঁদের প্রতিবাদের মূল উদ্দেশ্য হল প্রশাসনের কাছে জবাবদিহি, স্বচ্ছতা এবং ঘটনার বিষয়ে স্পষ্ট তথ্য দাবি করা।
তাঁর দাবি, চলতি বছরে ক্যাম্পাসে এ ধরনের চারটি ঘটনা ঘটেছে এবং গত দু’মাসে দু’টি ঘটনা ঘটেছে। প্রণয়ের আরও দাবি, পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের আচরণ এবং ক্যাম্পাসের বিভিন্ন প্রশাসনিক বিষয়ে নজরদারি বাড়াতে হবে। ডিন, ডিরেক্টর এবং প্রশাসনের কাছে ঘটনার বিষয়ে রিপোর্ট প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের নিশ্চয়তা চেয়েছেন তাঁরা।
ডিসিপি নালাওয়াড়ে জানান, পড়ুয়ারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন। সেই বিষয়গুলি নিয়ে আইআইটি (IIT Bombay) কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করছে।
দেখুন: ‘রেজিনগরে ফুটবল খেলা হবে কি না, আমি কী করে বলব’, ঋতব্রত