পহেলগাম হামলার পর ভাইরাল সেই ছবির ৪ জঙ্গিই মৃত

Photo: File Photo

পহেলগাম হামলার পর যে ছবিতে ঘন জঙ্গলের মধ্যে সেনার মতো পোশাক পরে অ্যাসল্ট রাইফেল হাতে ৪ লস্কর-ই-তৈবা জঙ্গিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, সেই ছবির ৪ জনেরই মৃত্যু হল। ছবিতে থাকা শেষ জীবিত জঙ্গি লস্কর কমান্ডার হাশিম মুসা ওরফে ফৌজি মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বুদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।

বুধবার সকালে যশমার্গের পালমাইদান এলাকায় তল্লাশি চালিয়ে তার দেহ উদ্ধার করা হয়। তার কাছ থেকে যুদ্ধের সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সেনার চিনার কোর। হাশিমের সঙ্গে ওই ছবিতে ছিল জুনেইদ আহমেদ ভাট, আবু তালহা এবং সুলেমান শাহ ওরফে ফয়সল জাট। গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরে একাধিক হামলার সঙ্গে এই ৪ জনের নাম জড়িয়েছে।

নিরাপত্তা সংস্থাগুলির তদন্তে তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ২০২৪ সালের গাগানগীর হামলা এবং ২০২৫ সালের পহেলগাম হামলার সঙ্গে যোগ থাকার অভিযোগও ওঠে। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ৪ জঙ্গির ওই ছবি প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে। পহেলগাম হামলায় নিহত হন ২৬ জন। তদন্তের পর ছবিতে থাকা সুলেমান শাহের বিরুদ্ধে পহেলগাম হামলায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। ছবিটি কোথা থেকে পাওয়া গিয়েছিল তা স্পষ্ট নয়। তবে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জুনেইদ ভাটের ফোন থেকে ছবিটি উদ্ধার করা হয়েছিল।


আরও পড়ুন: বিহারের গয়ায় কিশোর-কিশোরীকে ঘিরে হেনস্থা, ভিডিও ছড়ানোর অভিযোগ 

এক এক করে মৃত্যু হয়েছে ছবির ৪ জঙ্গির। ২০২৪ সালের ৩ ডিসেম্বর দাছিগামে নিহত হয় জুনেইদ আহমেদ ভাট। ২০২৫ সালের ২৮ জুলাই অপারেশন মহাদেবে নিহত হয় সুলেমান শাহ ওরফে ফয়সল জাট। চলতি বছরের ৬ সেপ্টেম্বর বুদগামে নিহত হয় আবু তালহা। সবশেষে মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হল হাশিম মুসা। পহেলগাম হামলার পর ভাইরাল হওয়া ছবিতে থাকা ৪ জঙ্গিই পৃথক পৃথক অভিযানে নিহত হয়েছে।