নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। সেখানকার প্রতিবাদের আঁচ এসে পড়েছিল দেশের একাধিক রাজ্যে। কিছুদিন আগে নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে বিহারে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। রণক্ষেত্র হয়ে ওঠে বিহারের সিওয়ান জেলা। ২৫ জুলাই সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সেই ছাত্র বিক্ষোভে এক পুলিশকর্মী AK-47 রাইফেল থেকে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনাটি সামনে আসার পর অভিযুক্ত পুলিশকর্মীকে সাস,পেন্ড করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
গত ২৫ জুলাই নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে বিহারে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়েন। সিওয়ানে সেই পরিস্থিতিতে এক পুলিশকর্মী AK-47 থেকে অন্তত তিন রাউন্ড গুলি ছোঁড়েন। ভাইরাল একটি ভিডিওতে তা দেখা গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই বিহার পুলিশ সদর দপ্তর বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। এরপরেই ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।
জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশের নাম অভিষেক প্যাটেল। তবে তিনি কেন এবং কী কারণে সেদিন গুলি চালিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেদিন গুলিতে তিনজন আহত হন। আহতদের মধ্যে ১৫ বছরের মহম্মদ আরিফ রয়েছেন। পরিবার সূত্রের খবর, আরিফ সেদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর হলায় গুলি লাগে। পরে অস্ত্রোপচার করে সেই বুলেট বের করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। জানা গিয়েছে, অন্য দুজন আহতের অবস্থা স্থিতিশীল।
পুলিশ জানিয়েছে, সেদিন গুলি চালানোর মতো পরিস্থিতি হয়েছিল কি না, আগ্নেয়াস্ত্র ব্যবহার পুলিশের নিয়ম মেনে হয়েছিল কি না, সবদিকই তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, বিহারে AK-47 ও দিল্লিতে পেলেট গান ব্যবহার করে ছাত্রদের দমন করা হচ্ছে।