রবিবার রাজধানী দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, সন্ত্রাসবিরোধী অভিযান এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, দুষ্প্রাপ্য খনিজ, শক্তি এবং মহাকাশবিজ্ঞান নিয়ে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ও বৈঠকে উঠে আসে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় এই ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছিল।
ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয়েছে, বৈঠকে ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রুবিয়ো শুধু আমেরিকার বিদেশসচিবই নন, তিনি সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও সামলাচ্ছেন। সেই সূত্রেই আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের যৌথ স্বার্থ রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে, ভারতের মার্কিন দূতাবাসও সমাজমাধ্যমে জানায়, সন্ত্রাসবিরোধী অভিযান, আঞ্চলিক ভারসাম্য এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।